পার্থ চট্টোপাধ্যায়কে ধুয়ে দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়-“সংশোধনাগার থেকে মানুষ নয়, পুরুষ হয়েছেন!”

জেল থেকে জামিনে মুক্তির পর এবার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বৈশাখী, পার্থর দুর্নীতি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন—সর্বত্রই বিস্ফোরক মন্তব্য করেছেন।

‘অচেনা পার্থ, ভেসে ওঠে ২৬ হাজার চাকরিহারার মুখ’

বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, বর্তমান পার্থ চট্টোপাধ্যায় তাঁর কাছে ‘একদমই অচেনা’। তিনি কটাক্ষের সুরে বলেন, “যে মানুষ বারবার নিজের অবয়ব পাল্টায় তার সম্পর্কে কোনো অভিধান খুঁজে পাওয়া যায় না।” পার্থর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বৈশাখী সরব হয়ে বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের নাম শুনলেই তাঁর চোখের সামনে ২৬ হাজার চাকরিহারার মুখ ভেসে ওঠে! জেল থেকে বেরোনোর পর পার্থ ‘প্রতিহিংসায় বেঁচে আছেন’ বলেও তিনি দাবি করেন।

শোভন ইস্যুতে মাস্টারমাইন্ডের অভিযোগ

শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক জীবন ধ্বংস করার জন্য বৈশাখী সরাসরি পার্থকে নিশানা করেন। তিনি বলেন, “আজ নিজেই বলছেন, ব্যক্তিজীবনকে রাজনীতিতে টানা ঠিক নয়। অথচ শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক জীবন ধ্বংস করার পিছনে অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন এই পার্থ চট্টোপাধ্যায়।” বৈশাখীর অভিযোগ, পার্থর ষড়যন্ত্রেই শোভন দল ছাড়তে বাধ্য হয়েছিলেন।

অর্পিতা সম্পর্ক: ‘আঙ্কেল এখন বন্ধু’

অর্পিতা মুখোপাধ্যায় ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায়কে একহাত নেন বৈশাখী। তিনি চাঞ্চল্যকর দাবি করেন যে আর্কাইভে দেখলে মিলবে, অর্পিতার এলআইসি-র কাগজে পার্থ নিজের পরিচয় হিসেবে লিখেছিলেন ‘আঙ্কেল’। বৈশাখীর কটাক্ষ, “এখন সেই আঙ্কেলই হয়ে গিয়েছেন বন্ধু! অন্তত সত্যিটা এবার স্বীকার করলেন, সেটাই ভালো।” তিনি আরও বলেন, “যাকে একসময় ভাগ্নী বলতেন, কখনও পরিচিতা, এখন বান্ধবী! সংশোধনাগার থেকে উনি মানুষ হয়ে বেরোতে পারেননি, তবে পুরুষ হয়ে উঠেছেন বটে!”

ভয়েস ক্লিপ নিয়ে বিস্ফোরক দাবি

পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় আরও এক বিস্ফোরক তথ্য ফাঁস করেন। তিনি বলেন, “আমার কাছে একটি ভয়েস ক্লিপ আছে—পার্থ আর ওনার এক বান্ধবীর। মেয়েটি প্রশ্ন করছে ‘আমি তোমার কে?’—উনি উত্তর দিচ্ছেন, ‘বউ না ফউ’। বৈশাখী অবশ্য নিশ্চিত করেছেন, এই মহিলা অর্পিতা নন।