ধৃত সহপাঠীর পাশে কেউ নেই! দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তের হয়ে আদালতে দাঁড়াতে অস্বীকার করলেন আইনজীবীরা

দুর্গাপুরের তরুণী ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার হওয়া সহপাঠীর জন্য আদালতে দাঁড়ালো না কোনো আইনজীবী। এই জঘন্য অপরাধের ঘটনায় অভিযুক্তের হয়ে আদালতে দাঁড়াতে অস্বীকার করেছেন স্থানীয় আইনজীবীরা।

দুর্গাপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই এই বিষয়ে জানিয়েছেন, এমন জঘন্য অপরাধের ঘটনায় অভিযুক্তের হয়ে আদালতে কেউ দাঁড়াবেন না।

ধৃতের সংখ্যা বেড়ে ৬, তালিকায় সহপাঠী
প্রথমে পাঁচজন নয়, এই গণধর্ষণ কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে এখন ছয়। মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরী সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে জানান। পুলিশ জানিয়েছে, সদ্য গ্রেফতার হওয়া ষষ্ঠ অভিযুক্ত নির্যাতিতা তরুণীর সহপাঠী।

পুলিশ কমিশনার মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বলেন, “মেডিকেল পড়ুয়াকে গণধর্ষন কাণ্ডে নির্যাতিতার সহপাঠীরাও সন্দেহের ঊর্ধ্বে নয়। গত শুক্রবার সন্ধ্যায় তারা যে পোশাক পরেছিল সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং সবার ডিএনএ পরীক্ষা করা হবে।” পুলিশ নির্যাতিতার বন্ধুকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সমস্ত দিক খতিয়ে দেখছে।

মেডিক্যাল রিপোর্টে কী উঠে এলো?
পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত নির্যাতিতার বয়ান অনুযায়ী একজনই তাঁকে ধর্ষণ করেছে বলে জানা গিয়েছে। তবে তদন্ত যে এখনও কিছুটা বাকি রয়েছে, সেকথাও জানিয়েছেন দুর্গাপুর পুলিশ কমিশনার। বাকি তথ্য নির্যাতিতার মেডিক্যাল ও ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে বলে মনে করা হচ্ছে।

তবে এই জঘন্য অপরাধে অভিযুক্ত সহপাঠীর হয়ে আইনজীবীদের এই বয়কটের সিদ্ধান্ত বিচারব্যবস্থায় এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।