বৃষ্টি-ঝড় ছাড়াই হঠাৎ ধস! রূপনারায়ণ নদের বাঁধ ভেঙে নদীতে তলিয়ে গেল ১০০ মিটার রাস্তা, রাতভর আতঙ্কে গ্রামবাসীরা

বর্ষাকাল না হলেও শরতের বৃষ্টির মধ্যে ফের এক ভয়ঙ্কর ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরে। মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাড় অমৃতবেড়িয়া গ্রামে রূপনারায়ণ নদের বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দেওয়ায় রাত থেকে চরম আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।
বৃহস্পতিবার রাতে প্রায় ১০০ মিটারের বেশি কংক্রিটের ঢালাই রাস্তা সহ রূপনারায়ণ নদের বাঁধ ধস নেমে নদীগর্ভে চলে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
জোয়ারে শুরু, ভাটাতে সর্বনাশ
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে জোয়ারের সময় নদী বাঁধের একাংশ কিছুটা বসে যায়। এরপর নদীতে ভাটা পড়ায় পরিস্থিতি শান্ত ছিল। কিন্তু রাতের জোয়ারের পর যখন আবার ভাটা শুরু হয়, তখনই ধসে যাওয়া নদী বাঁধের প্রায় ১০০ মিটার অংশ ভেঙে নদীর গর্ভে তলিয়ে যায়।
রূপনারায়ণ নদের বাঁধ ভেঙে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে প্লাবনের আশঙ্কা তৈরি হয়। কোনো বড় দুর্যোগের আশঙ্কা না থাকলেও, হঠাৎ করেই বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে রাত জাগতে শুরু করেন রূপনারায়ণ তীরবর্তী অঞ্চলের প্রায় ১০-১২টি গ্রামের মানুষ।
গ্রামবাসীদের তৎপরতায় রক্ষা
ভাঙন শুরু হওয়ার পরই স্থানীয় গ্রামবাসীরাই প্রথমে ভেঙে যাওয়া নদী বাঁধ মেরামতের জন্য এগিয়ে আসেন। তাঁরাই রাতভর নদী বাঁধ মেরামতির কাজ শুরু করে দেন।
রূপনারায়ণ বাঁধ ভেঙে যাওয়ার খবর দ্রুত প্রশাসনিক আধিকারিকদের জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিডিও সহ অন্যান্য আধিকারিকেরা। অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রবীর প্রামানিক জানান, প্রশাসন, সেচ দফতর এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দ্রুততার সঙ্গে নদী বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাড় অমৃতবেড়িয়া গ্রামের এই এলাকায় রূপনারায়ণ নদের বাঁধ বারবার ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু কখনওই পাকাপোক্তভাবে মেরামত করা হয় না, যার ফলে তাঁদের ঘর-সংসার নিয়ে সারা বছরই চিন্তায় থাকতে হয়। এলাকাবাসীর দাবি, এবার দ্রুত স্থায়ীভাবে বাঁধ মেরামত করা হোক।