ঘূর্ণাবর্তের জেরে পুজোর বাংলা ভাসবে বৃষ্টিতে! প্যান্ডেল তৈরি থেকে ঠাকুর দেখা, সবকিছুরই কি আনন্দ মাটি?

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরি হওয়ায় পুজোর ঠিক মুখে বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর ফলে একদিকে যেমন পুজো উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, অন্যদিকে সাধারণ মানুষের মনেও দেখা দিয়েছে মন খারাপের মেঘ।
দক্ষিণ ২৪ পরগনাসহ রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল থেকেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে এর প্রভাব অনেক বেশি। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেক জায়গাতেই প্যান্ডেল তৈরির কাজ বন্ধ রাখতে হয়েছে। কাকদ্বীপ, সাগর এবং নামখানার মতো এলাকায় পুজো প্যান্ডেলের মাঠে জল জমেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি জারি থাকবে। বৃষ্টি না কমলে প্যান্ডেল তৈরির কাজ আরও কয়েকদিন পিছিয়ে যাবে, যা সময় মতো সবকিছু সম্পন্ন করা নিয়ে উদ্যোক্তাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।
পুজোর শেষ মুহূর্তের কেনাকাটা এবং ঠাকুর দেখার পরিকল্পনা প্রায় শেষ করে ফেলেছেন সাধারণ মানুষ। এমন সময় আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাস তাদের হতাশ করেছে। এই পরিস্থিতিতে অনেকের মনেই আশঙ্কা, তাহলে কি এই বছর পুজোর আনন্দ বৃষ্টির কারণে মাটি হতে চলেছে? এই দুশ্চিন্তা এখন আম-বাঙালির মনে।