বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! এবার টাকার পাহাড় উদ্ধার স্কুল শিক্ষকের শ্বশুরবাড়ি থেকে

যে রাজ্যে চাকরি হারানোর যন্ত্রণা আর দুর্নীতির অভিযোগ নিত্যদিনের ঘটনা, সেই রাজ্যেই এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর খবর। অনলাইন বেটিং চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি এবং শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা।
গঙ্গারামপুর থানার পুলিশ প্রথমে পিন্টু ঘোষ নামে একজনকে অনলাইন গেম ও বেটিং চক্র চালানোর অভিযোগে গ্রেফতার করে। তার সূত্র ধরেই শনিবার গ্যাংটক থেকে বিশাল দাস এবং অপূর্ব সরকার নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। ধৃত অপূর্ব সরকার গঙ্গারামপুরের নয়াবাজার হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষক। তিনি নাকি বেশ কিছু দিন স্কুলে যাচ্ছিলেন না।
অপূর্বকে গ্রেফতারের পর তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদ থেকেই পুলিশ জানতে পারে তার বাড়িতে বিপুল পরিমাণ টাকা রয়েছে। এরপর রবিবার গঙ্গারামপুরের এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ বালুরঘাটের রঘুনাথপুরে শিক্ষকের শ্বশুরবাড়িতে হানা দেয়। সেখানে শোবার ঘরের বক্স খাটের ভেতর থেকে ১ কোটি ২০ লক্ষ টাকা ভর্তি বান্ডিল উদ্ধার করা হয়। বাকি কিছু টাকা গঙ্গারামপুরের কায়স্থপাড়ায় তার নিজের বাড়ি থেকে উদ্ধার হয়েছে।
এই ঘটনায় বেটিং চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।