‘সাড়ে চার লক্ষ টাকা ছিল’! নিখোঁজ সবজি ব্যবসায়ী, সাত দিন পরেও খোঁজ নেই, মমতার কাছে আর্জি পরিবারের

ব্যবসার কাজে ওড়িশায় গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা এক সবজি ব্যবসায়ী। পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার আগে তাঁর কাছে ছিল প্রায় সাড়ে চার লক্ষ টাকা। সাত দিন কেটে গেলেও তাঁর কোনো খোঁজ না মেলায় পরিবার অপহরণের আশঙ্কা করছে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।

নিখোঁজ ব্যবসায়ীর নাম আনারুল ইসলাম (৫৫)। তাঁর বাড়ি বাদুড়িয়া থানার বাগজোলা পঞ্চায়েতের হায়দারপুর গ্রামে। গত ৭ সেপ্টেম্বর তিনি ওড়িশার কটকের ছত্রবাজারে সবজি ব্যবসার কাজে গিয়েছিলেন। ৯ সেপ্টেম্বর তাঁর বাড়ি ফেরার কথা থাকলেও তিনি আর ফেরেননি। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে।

পরিবারের সদস্যরা কটকে গিয়ে স্থানীয় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু ওড়িশার সিংলা থানার পুলিশ ঠিকমতো তদন্ত করছে না এবং কোনো সহযোগিতা করছে না বলে অভিযোগ উঠেছে। নিখোঁজ ছেলের চিন্তায় তাঁর বৃদ্ধ বাবা-মা কান্নায় ভেঙে পড়েছেন।

আনারুলের বাবা সিরাজুল ইসলাম বলেন, “৩০ বছর ধরে আমার ছেলে ওড়িশায় সবজি নিয়ে যায়। ওর কাছে ৪ লক্ষ ৬০ হাজার টাকা ছিল। আমাদের সন্দেহ টাকার জন্য ওকে অপহরণ করা হয়েছে। টাকা যাক, শুধু আমার ছেলে সুস্থ অবস্থায় ফিরে আসুক।”

একইভাবে তাঁর মা সেরিনা বিবিও বলেন, “আমার ছেলেই ছিল পরিবারের একমাত্র রোজগেরে। আমি আর কিছু চাই না, শুধু আমার সন্তানকে ফিরে পেতে চাই।”

এদিকে, এই খবর জানার পর বাদুড়িয়া থানা পুলিশও তৎপর হয়েছে। বসিরহাট জেলার এক পদস্থ পুলিশ কর্মকর্তা জানান, এই বিষয়ে ওড়িশা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হবে এবং নিখোঁজ ব্যবসায়ীকে খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।