পুজোয় উপহারে ফিরছে বই! খুশি লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, ‘২ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে’

দুর্গাপুজোর ঠিক আগে, উপহার হিসেবে বই দেওয়ার পুরোনো চল আবার ফিরে আসছে দেখে আনন্দিত হয়েছেন জনপ্রিয় লেখিকা, প্রযোজক এবং রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। ইটিভি ভারতের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, মানুষ আবার একে অপরকে বই উপহার দিচ্ছেন, যা একটি অত্যন্ত ভালো দিক।

লীনা গঙ্গোপাধ্যায় বলেন, “পুজোয় আবার মানুষ মানুষকে বই উপহার দিচ্ছে দেখে খুব ভালো লাগছে। আমাদের বুটিকে সবথেকে বেশি জনপ্রিয় হল বই। ক’দিন আগে একজনকে ২ লাখ টাকার চেক দিলাম শুধু বই বিক্রির টাকা থেকে। তাহলে কী করে বলি মানুষ বই পড়ছে না?”

নতুন ধারাবাহিক এবং পুজোর প্ল্যান

লেখিকা তাঁর আসন্ন বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করে গা’-র নতুন চরিত্র ‘ঝিল’-এর সঙ্গে পরিচয় করিয়ে দেন। ঝিল একজন র‌্যাপ সিঙ্গার, যে র‌্যাপের মাধ্যমে নিজের মনের কথা তুলে ধরে। ১৫ সেপ্টেম্বর থেকে পুজোর আবহে এই ধারাবাহিকটি শুরু হবে।

পুজো নিয়ে নিজের পরিকল্পনার কথা ভাগ করে লীনা গঙ্গোপাধ্যায় বলেন, “সারা বছরে মাত্র চারটে দিন ছুটি পাই, তাও দশমী পুরোপুরি ছুটি থাকে না। আমাদের অফিসে পুজো হয়, সেখানে শিল্পী, কলাকুশলী, বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজন নিয়ে জমজমাট সময় কাটাই।”

ফ্যাশন সচেতন হিসেবে পরিচিত লীনা পুজোর সাজ নিয়েও কথা বলেন। তিনি বলেন, “এখনও পুজোর কেনাকাটা করা হয়নি। তবে আমি ঢাকাই এবং মসলিন পরতে খুব ভালোবাসি। পুজোয় একদিন ঢাকাই, একদিন মসলিন আর একদিন বেনারসী পরবই। দশমীর দিন ভাসান উপলক্ষে শাড়ি পরে যাওয়াটা অসুবিধাজনক, তাই সেদিন অন্য পোশাক পরি।”