পুজোর মুখে বিপাকে তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি! ১এক্সবেট বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ED-র তলব

পুজোর মুখে বড়সড় আইনি জটিলতায় পড়লেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি সেনগুপ্ত। বেটিং অ্যাপ কেলেঙ্কারির তদন্তে তাঁকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামীকাল অর্থাৎ ১৫ সেপ্টেম্বর তাঁকে দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। একই মামলায় অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও ১৬ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন ED-র তলব?

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মিমি ও উর্বশীকে ১এক্সবেট (1xbet) নামে একটি বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তলব করা হয়েছে। অভিযোগ, এই অ্যাপটির প্রচার ও ব্র্যান্ডিংয়ের সঙ্গে তাঁরা জড়িত ছিলেন। এই বেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে অভিযোগ রয়েছে। ইডি তাঁদের ব্যাংক লেনদেন এবং ওই সংস্থার সঙ্গে তাঁদের চুক্তির বিষয়টি খতিয়ে দেখতে চায়। এর আগেও এই মামলায় একাধিক অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ইডি সূত্রে খবর, এই বেটিং অ্যাপের মাধ্যমে যে অর্থ পাচার হয়েছে, তার সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম জড়িয়ে পড়েছে। মিমি ও উর্বশীর ভূমিকা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে ইডি জানিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই খবর প্রকাশ্যে আসার পর টলিউড এবং রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।