নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করাই বড় চ্যালেঞ্জ! SSC’র একাদশ-দ্বাদশের পরীক্ষায় কড়া নিরাপত্তা বিষ্ণুপুরে

নবম-দশমের পর এবার একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে কোমর বেঁধে নেমেছে স্কুল সার্ভিস কমিশন। বিষ্ণুপুর মহকুমার আটটি পরীক্ষা কেন্দ্রে মোট ৩,৫৮৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন। এর মধ্যে বিষ্ণুপুরে পাঁচটি এবং সোনামুখীতে দুটি কেন্দ্র রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রত্যেকটি কেন্দ্রে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

পরীক্ষা কেন্দ্রের নিয়মাবলী ও চ্যালেঞ্জ

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টার মধ্যে সকল পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে। স্বচ্ছ পেন এবং অ্যাডমিট কার্ড ছাড়া অন্য কোনো কিছুই ভেতরে নিয়ে যাওয়া যাবে না। প্রতিটি কেন্দ্রে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে যাতে কোনো ইলেকট্রনিক গ্যাজেট বা অননুমোদিত সামগ্রী ভেতরে প্রবেশ করতে না পারে।

প্রশাসন এবং কমিশনের সামনে দুটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা। দ্বিতীয়ত, যে সমস্ত পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে, তাদের কোনোভাবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া। বিষ্ণুপুর মহকুমায় মোট ১২ জন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে। তাদের শনাক্ত করতে এবং পরীক্ষা থেকে দূরে রাখতে বিশেষ নজরদারি রাখা হয়েছে।

কোথায় কত পরীক্ষার্থী?

বিষ্ণুপুর হাই স্কুলে ৪৮০ জন, বিষ্ণুপুর রামানন্দ কলেজে ৭০০ জন এবং বিষ্ণুপুর কে.জি. ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ৫০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এই কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।