‘নিজের দেশে ফিরে যা!’ ব্রিটেনে শিখ মহিলার উপর বর্ণবিদ্বেষী হামলা, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

ব্রিটেনে ভারতীয়দের প্রতি বিদ্বেষমূলক আচরণের ঘটনা আবারও সামনে এল। সেখানে এক শিখ মহিলাকে গণধর্ষণ এবং তার প্রতি বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের ওল্ডবারি শহরে, যেখানে মঙ্গলবার সকালে টেম রোডের কাছে দুই দুষ্কৃতী ওই মহিলার ওপর চড়াও হয়।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুই অভিযুক্তই শ্বেতাঙ্গ। তাদের একজন মাথা কামানো এবং গাঢ় সোয়েটশার্ট পরা ছিল, অন্যজনের পরনে ছিল ধূসর পোশাক। স্থানীয় পুলিশ এই ঘটনাকে ‘বর্ণবিদ্বেষী আক্রমণ’ হিসেবে দেখছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং ফরেন্সিক তদন্তও চালানো হচ্ছে। এই ঘটনার পর স্থানীয় শিখ সম্প্রদায়ের মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন এবং এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
ব্রিটেনের সাংসদ প্রীত কৌর গিল এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, এটি একটি ‘অত্যন্ত হিংস্র এবং বর্ণবিদ্বেষী আক্রমণ’। তিনি আরও বলেন, “তাকে বলা হয়েছে যে এখানে তার জায়গা নেই। কিন্তু তিনি এখানেই থাকবেন। শিখ সম্প্রদায়সহ প্রত্যেক মানুষের নিরাপদে থাকার অধিকার আছে। বর্ণবিদ্বেষ ও নারীবিদ্বেষের কোনো জায়গা ব্রিটেনে নেই।”
আরেক সাংসদ জস আঠওয়াল এই ঘটনাকে ‘ঘৃণ্য, বর্ণবিদ্বেষী এবং নারীবিদ্বেষী’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এটি ক্রমবর্ধমান বর্ণবিদ্বেষের ফল। এর আগে কয়েকদিন আগেই রেলস্টেশনের বাইরে দুই প্রবীণ শিখকে হেনস্থা করে মাটিতে ফেলে মারধর করার ঘটনা ঘটেছিল। এই ধরনের একের পর এক ঘটনায় প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।