কৃষ্ণনগর হাসপাতালে ভয়াবহ কাণ্ড! নেশা করিয়ে রোগীর আত্মীয়দের টাকা ও গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতী

কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালের চত্বরেই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঠান্ডা পানীয়ের সঙ্গে নেশার দ্রব্য মিশিয়ে তিন রোগীর আত্মীয়ের সর্বস্ব লুট করে নিয়ে গেল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, চাপড়ার বাসিন্দা লক্ষ্মী হালদার, শান্তি হালদার এবং তেহট্টের বাসিন্দা মানিক দত্তের রোগী কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল রাতে তাঁরা হাসপাতাল চত্বরেই বসেছিলেন। সেই সময় এক অচেনা ব্যক্তি তাঁদের সঙ্গে আলাপ জমিয়ে ঠান্ডা পানীয় খেতে দেয়।
ওই পানীয় পান করার কিছুক্ষণের মধ্যেই তিনজনেই বেহুঁশ হয়ে পড়েন। এই সুযোগে দুষ্কৃতী তাঁদের কাছে থাকা নগদ ১০ হাজার টাকা এবং সোনার গয়না চুরি করে নিয়ে পালিয়ে যায়।
সকালে হাসপাতাল কর্তৃপক্ষ মাইকে বারবার ডেকেও তাঁদের কোনো সাড়া পায়নি। অন্যান্য রোগীর আত্মীয়রা ডাকাডাকি করলেও তাঁদের ঘুম ভাঙেনি। বেশ কিছুক্ষণ পর যখন তাঁদের জ্ঞান ফেরে, তখন তাঁরা অসুস্থ বোধ করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতয়ালী থানার পুলিশ। এরপর পুলিশ তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়।
এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রোগীর পরিবার এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।