১৮ ঘণ্টায় কলকাতা থেকে আইজল! ভৈরবী-সাইরাং নতুন রেল প্রকল্পের উদ্বোধন, জানুন ট্রেন ও সময়সূচি

কলকাতা থেকে মিজোরামের রাজধানী আইজলের সাইরাং পর্যন্ত সরাসরি ট্রেন পরিষেবা চালু হচ্ছে। শনিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন করেন। এর ফলে কলকাতা থেকে মিজোরামের দুর্গম পাহাড়ি এলাকায় যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে।

এই নতুন রুটে যাত্রীবাহী ট্রেন চলবে মিজোরামের ভৈরবী থেকে সাইরাং পর্যন্ত। এতদিন যে দূরত্ব অতিক্রম করতে ৮ থেকে ৯ ঘণ্টা লাগত, এখন তা মাত্র দেড় ঘণ্টাতেই সম্ভব হবে।

ভারতীয় রেল জানিয়েছে, ১৩১২৫/১৩১২৬ কলকাতা-সাইরাং-কলকাতা এক্সপ্রেস ট্রেনটি উভয় প্রান্ত থেকে সপ্তাহে তিন দিন করে চলাচল করবে। এই ১৮ ঘণ্টার যাত্রাপথে ট্রেনটি কলকাতা ও সাইরাংকে সংযুক্ত করবে।

কলকাতা থেকে: শনিবার, মঙ্গলবার ও বুধবার।

সাইরাং থেকে: সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার।

এই ট্রেনটি নবনির্মিত নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে যাবে এবং নৈহাটি, কৃষ্ণনগর সিটি, বহরমপুর কোর্ট, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, গুয়াহাটি, হোজাই, বদরপুর-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে।

খাবার: মালদা টাউন, নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটি থেকে খাবারের অর্ডার নেওয়া হবে।

পানীয় জল: মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, গুয়াহাটি ও বদরপুরে ট্রেনে জল ভরা হবে।

কোচ: যাত্রীদের নিরাপত্তার জন্য ট্রেনটিতে এলএইচবি কোচ ব্যবহার করা হবে।

এই রেলপথের গুরুত্ব শুধুমাত্র যাত্রী পরিবহনে সীমাবদ্ধ নয়, এটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নতুন পরিষেবা দুর্গাপূজার আগেই চালু হয়ে যাবে, যা উত্তর-পূর্ব ভারতে ভ্রমণ করতে ইচ্ছুক পর্যটকদের জন্য দারুণ সুবিধা বয়ে আনবে।