পুজোর আগে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী! মহালয়ার আগেই কলকাতায় মোদী, যোগ দেবেন ফোর্ট উইলিয়ামের গুরুত্বপূর্ণ বৈঠকে

মহালয়ার আগেই ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার, ১৪ সেপ্টেম্বর, তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন এবং সরাসরি রাজভবনে চলে যাবেন। সোমবার, ১৫ সেপ্টেম্বর, তিনি কলকাতার ফোর্ট উইলিয়ামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক কর্মসূচিতে যোগ দেবেন।

আজ, শনিবার, প্রধানমন্ত্রী মণিপুর সফর করছেন, এরপর সেখান থেকে তিনি আসাম হয়ে পশ্চিমবঙ্গে আসবেন।

রবিবার, ১৪ সেপ্টেম্বর: বিকেল ৫:৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। এরপর ৫:৪০ মিনিটে বিমানবন্দর থেকে বেরিয়ে ৬:১০ মিনিটে রাজভবনে পৌঁছবেন, যেখানে তিনি রাত্রিযাপন করবেন।

সোমবার, ১৫ সেপ্টেম্বর: সকাল ৯:৩০ মিনিটে ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গে যাবেন। সকাল ৯:৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত সেখানে সেনাবাহিনীর কর্মসূচিতে অংশ নেবেন। অনুষ্ঠান শেষে দুপুর ১:৪০ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে বিহারের উদ্দেশ্যে রওনা হবেন।

১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে ‘কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স’ অনুষ্ঠিত হবে, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। সূত্রের খবর অনুযায়ী, এই সম্মেলনটি দেশের প্রতিরক্ষা নীতি এবং সেনাবাহিনীর ভবিষ্যৎ রণনীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিন বাহিনীর প্রধান এবং চিফ অব ডিফেন্স স্টাফ (CDS) অনিল চৌহান-সহ ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। এই বৈঠকে সেনাবাহিনীর আগামী দিনের কৌশল এবং সীমান্ত স্ট্র্যাটেজি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ‘অপারেশন সিঁদুর’-এর পর দেশের মধ্যে ভারতীয় সেনা এবং কমান্ডারদের নিয়ে এটিই সবচেয়ে বড় বৈঠক হতে চলেছে।