উত্তরপ্রদেশে বর্বরতা! ১১ বছরের নাবালিকাকে ধর্ষণ, প্রসবের পর মৃত্যু সদ্যোজাতর

উত্তরপ্রদেশের বরেলিতে এক বর্বরতার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাত্র ১১ বছরের এক নাবালিকাকে বারবার ধর্ষণের অভিযোগ উঠেছে ৩১ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। লাগাতার ধর্ষণের ফলে নাবালিকাটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং সম্প্রতি একটি অপরিণত সন্তানের জন্ম দেয়, যার প্রসবের মাত্র আধঘণ্টা পরেই মৃত্যু হয়েছে।

কী অভিযোগ উঠেছে?
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রশিদ বিবাহিত এবং দুই সন্তানের বাবা। নির্যাতিতার দাদা জানান, ছয়-সাত মাস আগে রশিদ ফল খাওয়ানোর লোভ দেখিয়ে নাবালিকাকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, রশিদ ব্ল্যাকমেল করার জন্য ধর্ষণের ভিডিও রেকর্ড করে রেখেছিল এবং কাউকে কিছু জানালে নাবালিকার পরিবারকে শেষ করে দেওয়ার হুমকিও দেয় বলে অভিযোগ।

৪ সেপ্টেম্বর নাবালিকার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হলে তাকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আলট্রাসনোগ্রাফিতে জানা যায় যে সে সাত মাসের অন্তঃসত্ত্বা।

মৃত্যু হলো সদ্যোজাতর
জেলা মহিলা হাসপাতালে মাত্র সাত মাসে প্রিম্যাচিওর (অপরিণত) শিশুর জন্ম দেয় নির্যাতিতা। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ এবং দুর্বলতার কারণে শিশুটিকে বাঁচানো যায়নি। প্রসবের আধঘণ্টা পরই শিশুটির মৃত্যু হয়। নাবালিকা মায়ের শারীরিক অবস্থারও অবনতি হয়, তবে হাসপাতাল সূত্রে জানা গেছে যে তার অবস্থা এখন স্থিতিশীল।

অভিযুক্ত গ্রেফতার
নবাবগঞ্জ স্টেশন হাউস অফিসার জানান, গত শুক্রবার রশিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং ৬ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়েছে। সদ্যোজাত শিশুটির ডিএনএ সংগ্রহ করা হয়েছে, যা অভিযুক্তের ডিএনএ-র সঙ্গে মিলিয়ে দেখা হবে।