এভারেস্টের বুকেই চরম বিপদের হাতছানি! মানুষের মূত্র ও বিলাসবহুল ক্যাম্পেই কি গলছে বিশ্বের উচ্চতম হিমবাহ?

মে ২০২৩, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫৩00 মিটার উঁচুতে খুম্বু হিমবাহের হাড়কাঁপানো ঠান্ডা। কিন্তু সেখানকার পরিবেশ ছিল কোনো ফাইভ-স্টার রিসোর্টের চেয়েও কম নয়। প্রায় ১৬০০ লাক্সারি টেন্ট, জেনারেটরের গর্জন, এসপ্রেসো মেশিনের শব্দ, বড় পর্দার টিভি এবং আন্ডারফ্লোর হিটিং—সব মিলিয়ে এক ঝলমলে আয়োজন। আর এই ভিড়ের মাঝেই এক ব্যক্তি হাতে খাতা নিয়ে ঘুরে বেড়াতেন। তিনি কোনো পর্বতারোহী গণনা করছিলেন না, বরং হিসাব কষছিলেন বেস ক্যাম্পে মানুষ দিনে কতবার প্রস্রাব করছে! খাতা হাতে সেই ব্যক্তি ছিলেন নেপালের চিফ সার্ভে অফিসার খিম লাল গৌতম। সে সময় অনেকের কাছে বিষয়টি অদ্ভুত ঠেকলেও, তিন বছর পর জুলাই ২০২৬-এ তাঁর এই গবেষণা সায়েন্টিফিক জার্নাল ‘রিজিওনাল এনভায়রনমেন্টাল চেঞ্জ’-এ প্রকাশিত হতেই বিশ্বজুড়ে শুরু হয় চরম শোরগোল। গবেষণায় উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য—২০২৩ সালের মাত্র একটি ক্লাইম্বিং সিজনে মানুষের শরীরের উত্তাপ ও নানা কর্মকাণ্ডের ফলে খুম্বু হিমবাহের প্রায় ২,৪৯২ টন বরফ গলে গেছে!
প্রশ্ন হলো, এভারেস্ট বেস ক্যাম্প কি তবে একটি আস্ত টাইম বোমা? গবেষণায় দেখা গেছে, প্রতি বসন্তকালে প্রায় ৩০ লক্ষ কিলোগ্রাম হিমবাহের বরফ গলে শেষ হয়ে যায়। জেনারেটর, রান্নার চুলা, গ্যাস সিলিন্ডার এবং হাজার হাজার মানুষের বর্জ্য সরাসরি প্রভাব ফেলছে হিমবাহের ওপর। শুধু তাই নয়, গবেষণায় দেখা গেছে যে খুম্বু হিমবাহে প্রায় ১৫৪ টন বরফ গলে যাওয়ার জন্য সরাসরি দায়ী মানুষের প্রস্রাব! গবেষকদের মতে, উচ্চতা বাড়লে শরীর হাইড্রেটেড রাখতে অতিরিক্ত জলপান করতে হয়, যা পরবর্তীতে মূত্রের মাধ্যমে নির্গত হয়। বেস ক্যাম্পে উপস্থিত প্রায় ২০০০ মানুষ প্রতিদিন যে পরিমাণ বর্জ্য তৈরি করে, তার একটি বড় অংশ হিমবাহের ওপরই থেকে যায়। হিমবাহের এই দ্রুত গলন শুধু পরিবেশের ক্ষতি করছে না, বরং এর ফলে আশেপাশের অঞ্চলের জলসংকট এবং হ্রদ ফেটে ভয়াবহ বন্যার ঝুঁকিও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এভারেস্টের মতো পবিত্র ও দুর্গম উচ্চতায় মানুষের এই মাত্রাতিরিক্ত বিলাসবহুল জীবনযাপন এবং তার জেরে পরিবেশের এই বিপর্যয় এখন সমগ্র বিশ্বকে এক গভীর ভাবনায় ফেলে দিয়েছে।