সীমান্তে সেনা-জঙ্গি গুলির লড়াই, কুলগামে এক জঙ্গি খতম, আহত ৩ সেনা জওয়ান

জম্মু ও কাশ্মীর পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুলগাম জেলার গুড্ডার জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের তীব্র সংঘর্ষ চলছে। সেনা সূত্রে খবর, এই এনকাউন্টারে এক জঙ্গি নিহত হয়েছে। তবে পাল্টা গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) সহ তিনজন সেনা সদস্য আহত হয়েছেন।
গোপন সূত্রে খবর ছিল, কুলগামের ঘন জঙ্গলে কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে। জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালানো শুরু করলে, সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস এক্স হ্যান্ডলে (আগের টুইটার) জানিয়েছে যে, এক জঙ্গি নিহত হয়েছে এবং একজন সেনা আধিকারিক আহত হয়েছেন। আহত সেনা আধিকারিকের অবস্থা আশঙ্কাজনক। এখনও অভিযান চলছে।
এদিকে, জম্মুর আর এস পুরা সেক্টরে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে বিএসএফ। ধৃত ব্যক্তির নাম সিরাজ খান, যিনি পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সরগোধার বাসিন্দা। কেন তিনি ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
একই দিনে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) সন্ত্রাসবাদী ষড়যন্ত্রের তদন্তে জম্মু ও কাশ্মীর এবং ভারতের পাঁচ রাজ্যের মোট ২২টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে। এর মধ্যে জম্মু ও কাশ্মীর, বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু রয়েছে। এই ধারাবাহিক অভিযানে সন্ত্রাসবাদী কার্যকলাপের জাল ছিন্ন করার চেষ্টা চলছে।