বিজেপি সাংসদের বোনকেও রেহাই নয়! বাথরুমে ভিডিও করার অভিযোগে শ্বশুরবাড়িতে মারধর

উত্তরপ্রদেশের ফারুখাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুতের বোনকে শ্বশুরবাড়িতে অকথ্য অত্যাচারের শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার অভিযোগ, স্নানের সময় তাঁর ভিডিও রেকর্ড করার চেষ্টা করা হয়েছিল এবং তাতে বাধা দেওয়ায় তাকে মারধর ও খুনের হুমকি দেওয়া হয়।

বিজেপি সাংসদের বোন রিনা সিংয়ের অভিযোগ, রবিবার তিনি যখন বাথরুমে স্নান করছিলেন, তখন তার দুই দেওর রাজেশ এবং গিরিশ মোবাইল ফোনে তার ভিডিও রেকর্ড করার চেষ্টা করেন। রিনা তাদের এই কুকীর্তি দেখতে পেয়ে প্রতিবাদ জানালে তারা তাকে গালিগালাজ ও মারধর শুরু করে।

রিনার অভিযোগ, এরপর তার শ্বশুর লক্ষ্মণ সিং তাকে বন্দুক দিয়ে গুলি করে খুন করার হুমকি দেন। রিনার দুই দেওর তাকে লোহার রড এবং ছুরি দিয়ে আঘাত করেন বলেও অভিযোগ রয়েছে। রিনা পুলিশের কাছে দায়ের করা অভিযোগে জানিয়েছেন, তার দুটি কন্যাসন্তান হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন দীর্ঘদিন ধরে তার ওপর অত্যাচার চালিয়ে আসছে। তিনি আরও দাবি করেছেন, যেকোনো কারণেই হোক তারা তাকে বাড়ি থেকে সরাতে চায়।

রিনা সিংয়ের ওপর তার শ্বশুরবাড়ির লোকজনের আক্রমণের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনার পর রিনা তার শ্বশুর এবং দুই দেওরের বিরুদ্ধে পুলিশের কাছে নির্যাতন ও খুনের হুমকির অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত তিনজনের বিরুদ্ধেই মামলা নথিভুক্ত করেছে। রিনা পুলিশের কাছে নিজের নিরাপত্তার দাবিও জানিয়েছেন।