হঠাৎ বাড়ি ভাড়া বৃদ্ধি বা উচ্ছেদের ভয়? জানুন ভাড়াটেদের কী কী অধিকার?

দেশজুড়ে ভাড়াটেদের সংখ্যা বিশাল। তবুও অধিকাংশ ক্ষেত্রে বাড়িওয়ালা ও ভাড়াটের সম্পর্কের মধ্যে একধরণের টানাপড়েন লেগেই থাকে। ভাড়ার টাকা হঠাৎ বাড়িয়ে দেওয়া কিংবা হঠাৎ বাড়ি খালি করার নির্দেশ—এই দুশ্চিন্তায় ভোগেন বহু ভাড়াটে। কিন্তু বাড়ির মালিক চাইলেই কি হুট করে ভাড়া বাড়াতে পারেন বা উচ্ছেদ করতে পারেন? আইন কিন্তু অন্য কথা বলছে।
১. চুক্তিনামাই আসল রক্ষাকবচ: যেকোনো ভাড়ার সম্পর্কের মূল ভিত্তি হলো ‘রেন্ট এগ্রিমেন্ট’ বা ভাড়ার চুক্তি। লিখিত চুক্তি থাকলে বাড়িওয়ালা বা ভাড়াটে কেউই নিজের ইচ্ছেমতো নিয়ম বদলাতে পারেন না। ভাড়ার বৃদ্ধির হার, নোটিশের সময়সীমা এবং উচ্ছেদের শর্তাবলী চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকা বাধ্যতামূলক। তাই মৌখিক চুক্তির বদলে সবসময় লিখিত চুক্তিপত্র তৈরি রাখা উভয় পক্ষের জন্যই শ্রেয়।
২. উচ্ছেদের ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা: ভারতে বাড়ির মালিক চাইলেই নিজের ইচ্ছেমতো ভাড়াটেকে বাড়ি থেকে বের করে দিতে পারেন না। ভাড়াটে যদি নিয়মিত ভাড়া পরিশোধ করেন এবং চুক্তির সমস্ত শর্ত মেনে চলেন, তবে তাঁকে উচ্ছেদ করা আইনত অবৈধ। কোনো সমস্যা হলে নির্দিষ্ট সময়সীমা বেঁধে লিখিত নোটিশ দিতে হয়। জোর করে তালা লাগিয়ে দেওয়া, জিনিসপত্র রাস্তায় ফেলে দেওয়া বা হুমকির মাধ্যমে উচ্ছেদ করা কোনোভাবেই আইনি পথ নয়। ভাড়াটে বাড়ি খালি করতে অস্বীকার করলে মালিককে আইনি পথেই এগোতে হবে।
৩. জরুরি কিছু সতর্কতা: বিশেষজ্ঞরা বলছেন, নথি বা প্রমাণের অভাবেই অধিকাংশ বিরোধ বাঁধে। তাই নিচের বিষয়গুলো খেয়াল রাখা জরুরি:
চুক্তির কপি: ভাড়া চুক্তির একটি অনুলিপি সবসময় নিজের কাছে রাখুন।
পেমেন্ট রেকর্ড: নগদ টাকা না দিয়ে সবসময় ব্যাঙ্ক ট্রান্সফার বা ডিজিটাল মাধ্যমে ভাড়া পরিশোধ করুন, যাতে তার ডিজিটাল প্রমাণ থাকে।
সঠিক নিয়ম: বাড়ির মালিকদেরও ভাড়া বাড়ানোর বা উচ্ছেদের ক্ষেত্রে আইনগত নোটিশ দেওয়ার যে নিয়ম আছে, তা মেনে চলতে হবে।
আইন সম্পর্কে সচেতন থাকলে যেকোনো বড় সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই ঘর ভাড়া নেওয়ার আগে বা দেওয়ার আগে সমস্ত আইনি দিক খতিয়ে দেখা বুদ্ধিমানের কাজ।