সবাইকে পেছনে ফেলে রাজত্ব স্করপিওর! জুন মাসে মাহিন্দ্রার বিক্রিতে রেকর্ড বৃদ্ধি, জানুন সেরা গাড়ি কোনটি?

ভারতীয় বাজারে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার জয়যাত্রা অব্যাহত। ২০২৬ সালের জুন মাসে সংস্থাটি অভ্যন্তরীণ বাজারে ৬০,৩৯৩টি যাত্রীবাহী গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৭.৬৬% বেশি। অর্থাৎ, এক বছরে মাহিন্দ্রা ১৩ হাজারের বেশি অতিরিক্ত গাড়ি বিক্রি করে নিজেদের বাজার দখল আরও মজবুত করেছে।

শীর্ষে মাহিন্দ্রা স্করপিও: দীর্ঘ বছর পার হয়ে গেলেও স্করপিওর ক্রেজ বিন্দুমাত্র কমেনি। জুন মাসে স্করপিও এবং স্করপিও-এন মিলিয়ে মোট ১৪,০৯৭টি ইউনিট বিক্রি হয়েছে, যা কোম্পানির মোট বিক্রির ২৩.৩৪%। অর্থাৎ, মাহিন্দ্রার বিক্রি হওয়া প্রতি চারটি গাড়ির মধ্যে একটিই স্করপিও! ২০০২ সালে লঞ্চ হওয়া এই এসইউভি আজও মাহিন্দ্রার সবচেয়ে বড় ভরসা।

অন্যান্য মডেলের পারফরম্যান্স:

  • মাহিন্দ্রা থার: জনপ্রিয়তার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে থার এবং থার রক্স। জুন মাসে মোট ১০,৬৬৯টি থার বিক্রি হয়েছে, যা আগের বছরের তুলনায় ১১.৮১% বেশি।

  • XUV 3XO: এই মডেলে এসেছে সর্বোচ্চ প্রবৃদ্ধি। ৪১.৯৫% বিক্রির হার বাড়িয়ে মোট ১০,০৬৩টি ইউনিট বিক্রি করেছে সংস্থাটি।

  • XUV 7XO: ৯,২৪৪টি ইউনিট বিক্রি করে এটি তালিকার চতুর্থ স্থানে রয়েছে, যা গত বছরের তুলনায় ৪৯.১৪% বেশি।

  • বোলেরো রেঞ্জ: ৯,১১৫টি ইউনিট বিক্রি করে সাফল্যের ধারা বজায় রেখেছে বোলেরো।

ইলেকট্রিক গাড়ির বাজারে মিশ্র ফলাফল: ইলেকট্রিক যানবাহনের ক্ষেত্রে মাহিন্দ্রার নতুন XEV 9S বেশ ভালো প্রভাব ফেলেছে। মাসে ৪,০১৮টি ইউনিট বিক্রি হয়েছে, যা কোম্পানির মোট বিক্রির ৬.৬৫%। তবে XEV 9e-এর বিক্রি কিছুটা কমে ২,০০৬ ইউনিটে দাঁড়িয়েছে। এছাড়া পুরনো মডেল XUV400-এর চাহিদা ব্যাপকহারে কমেছে এবং জনপ্রিয় এমপিসি (MPV) Marazzo-এর একটিও ইউনিট জুন মাসে বিক্রি হয়নি।