পাকা নয়, কাঁচা কলার রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা! জানলে আপনিও খাবেন

স্বাদের দিক থেকে পাকা কলা যেমন মজাদার, তেমনই কাঁচা কলারও রয়েছে অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা। ভর্তা, ভাজি কিংবা তরকারির সাথে কাঁচা কলা খাওয়ার অভ্যাস গড়লে আপনি পেতে পারেন এর পুষ্টিগুণ ভরপুর উপকারিতা। মাত্র ১০০ গ্রাম কাঁচা কলায় থাকে ৭৪৯১ গ্রাম জল এবং ৮৯ ক্যালোরি শক্তি। এছাড়াও এই প্রাকৃতিক খাদ্য উপাদানটিতে রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট, আঁশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, থায়ামিন, রিবফ্লাভিন সহ আরও অনেক প্রয়োজনীয় মিনারেল ও খনিজ উপাদান। কাঁচা কলার প্রধান কয়েকটি স্বাস্থ্য উপকারিতা নিচে তুলে ধরা হলো:
ওজন কমায়: কাঁচা কলায় দুই ধরনের আঁশ থাকে – রেসিস্ট্যান্ট স্টার্চ ও পেকটিন। এই দুটি উপাদান দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এর ফলে দীর্ঘ সময় পর্যন্ত ক্ষুধা লাগে না এবং ওজন কমানো সহজ হয়ে যায়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে: এক্ষেত্রেও কাঁচা কলার রেসিস্ট্যান্ট স্টার্চ ও পেকটিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই দুটি উপকারী উপাদান রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। গবেষণার তথ্য অনুযায়ী, কাঁচা কলার গ্লাইসেমিক ইনডেক্স খুবই কম (৩০), যা রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সহায়ক।
হৃদযন্ত্রকে ভালো রাখে: উচ্চমাত্রার রেসিস্ট্যান্ট স্টার্চযুক্ত কাঁচা কলা রক্তের প্লাজমা কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কনসেন্ট্রেশন নিয়ন্ত্রণে রাখে, যা সরাসরিভাবে হৃদযন্ত্রের উপর ইতিবাচক প্রভাব ফেলে। এছাড়াও, কাঁচা কলায় থাকা উচ্চমাত্রার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
ডায়রিয়ার সমস্যায় উপকারী: ডায়রিয়ার সমস্যার ক্ষেত্রে কাঁচা কলায় থাকা উচ্চমাত্রার আঁশ বিশেষভাবে সাহায্য করে। এটি মলকে শক্ত করতে এবং ডায়রিয়া সৃষ্টিকারী ব্যাকটেরিয়া প্রতিরোধে কাজ করে। গবেষণা অনুযায়ী, শিশু থেকে বয়স্ক সকলের জন্যেই কাঁচা কলা গ্রহণ উপকারিতা বয়ে আনে।
আয়রনে ভরপুর: ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রন সমৃদ্ধ কাঁচা কলা রক্তশূন্যতার রোগীদের জন্য অপরিহার্য। কলিজা ও কচু শাকের মতো কাঁচা কলাও হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। এছাড়াও, কাঁচা কলা অন্যান্য খাদ্য উপাদান থেকে আয়রন শোষণেও অবদান রাখে এবং শরীরে আয়রনের মাত্রা বৃদ্ধি করে।
ভিটামিনের অন্যতম উৎস: সবজির মধ্যে কাঁচা কলাকে ভিটামিন ও খনিজ উপাদানের পাওয়ার হাউজ বলা যেতে পারে। পটাশিয়ামসহ ভিটামিন-সি, বি৬, এ, ই, কে, ফলেট, জিংক ও সোডিয়াম সমৃদ্ধ কাঁচা কলা গ্রহণ করলে শরীর তার প্রয়োজনীয় বেশিরভাগ পুষ্টি উপাদান পেয়ে যায়।
তাই, শুধু পাকা কলার স্বাদে মজে না থেকে, আপনার খাদ্য তালিকায় কাঁচা কলাকেও অন্তর্ভুক্ত করুন এবং এর অসাধারণ স্বাস্থ্য উপকারিতা লাভ করুন।