ধূমপান ছাড়ার পর কেন বাড়ে ওজন? জেনেনিন এর পিছনের কারণ!

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা জানা সত্ত্বেও অনেকেই এই অভ্যাস ত্যাগ করতে পারেন না। একবার নেশা ধরলে তা ছাড়া কঠিন, কারণ এটি শারীরিক ও মানসিক সুস্থতার উপর সরাসরি প্রভাব ফেলে। যারা ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, তাদের মধ্যে ওজন বৃদ্ধির মতো কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে এর মানে এই নয় যে ধূমপান চালিয়ে যাওয়া উচিত। ধূমপান ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের রোগ এবং ডায়াবেটিসের মতো মারাত্মক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।

ধূমপান ছাড়ার পর কেন বাড়ে ওজন?

জার্নাল ড্রাগ অ্যান্ড অ্যালকোহল ডিপেন্ডেন্সে প্রকাশিত একটি গবেষণা জানিয়েছে, ধূমপান ছাড়ার সময় ওজন বৃদ্ধির প্রধান কারণ আমাদের মস্তিষ্ক। নিকোটিন প্রত্যাহার হলে অস্বাস্থ্যকর এবং প্রক্রিয়াজাত খাবারের প্রতি আকাঙ্ক্ষা বাড়ে। এছাড়াও, সিগারেট ক্ষুধা কমিয়ে রাখে। যখন আপনি ধূমপান ছেড়ে দেন, তখন স্বাভাবিকভাবেই ক্ষুধা বৃদ্ধি পায় এবং আপনি বেশি খেতে শুরু করেন। বিপাক প্রক্রিয়া ধীর হয়ে যাওয়াও ধূমপান ছাড়ার পর ওজন বৃদ্ধির আরেকটি কারণ, যা নিকোটিনের অভাবে ঘটে থাকে।

ধূমপান ছাড়ার পর ওজন নিয়ন্ত্রণে রাখার উপায়:

ধূমপান ছাড়ার চেষ্টা করলে শুরু থেকেই ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু পদক্ষেপ নেওয়া বুদ্ধিমানের কাজ। ওজন কমানোর সময় যে বিষয়গুলোতে খেয়াল রাখা জরুরি:

১. সময়মতো ঘুমান:

ওজন কমানোর চেষ্টায় ঘুমের সময়সূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম না হলে সকালে অস্বাস্থ্যকর খাবারের প্রতি লোভ বাড়তে পারে। এছাড়াও, ঘুমের অভাব মেজাজ পরিবর্তন ও বিরক্তির কারণ হতে পারে। প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমানো জরুরি।

২. সক্রিয় থাকুন:

ওজন নিয়ন্ত্রণে রাখতে শারীরিকভাবে সক্রিয় থাকা প্রয়োজন। নিয়মিত ব্যায়াম বিপাক প্রক্রিয়াকে উন্নত করে এবং অতিরিক্ত ক্যালোরি ঝরাতে সাহায্য করে। প্রতিদিন অন্তত ৪৫ মিনিট মাঝারি ধরনের ব্যায়াম করা উচিত। হাঁটা, দৌড়ানো, সাঁতার বা যোগা করতে পারেন।

৩. আশযুক্ত খাবার খান:

ফাইবার সমৃদ্ধ খাবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এর ফলে চর্বিযুক্ত এবং চিনিযুক্ত খাবারের প্রতি আকর্ষণ কমে। রঙিন সবজি, ফল এবং স্বাস্থ্যকর ফাইবারযুক্ত খাবার যেমন শস্য এবং ডাল খাদ্যতালিকায় যোগ করুন।

৪. নিজেকে খুব ক্ষুধার্ত হতে দেবেন না:

খাওয়ার একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করুন এবং সেই অনুযায়ী খাবার গ্রহণ করুন। খাবারের সময়ের মধ্যে দীর্ঘ বিরতি দেবেন না, এতে অতিরিক্ত ক্ষুধা লাগতে পারে এবং আপনি বেশি পরিমাণে খেতে পারেন। নিয়মিত বিরতিতে স্বাস্থ্যকর খাবার খান।

ধূমপান ত্যাগ করা একটি কঠিন প্রক্রিয়া, তবে নিজের স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত জরুরি। ওজন বৃদ্ধি একটি সাময়িক চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। ধূমপানমুক্ত জীবনযাপন আপনাকে অনেক বড় স্বাস্থ্য ঝুঁকির হাত থেকে রক্ষা করবে।