দাঁতের যন্ত্রণার কারণে অনেক সময় গাল ফুলে যায় এবং সেই ব্যথা মাথা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ক্যাভিটি, মাড়ির ইনফেকশন বা আক্কেল দাঁতের সমস্যার কারণে এই ব্যথা হতে পারে। তাৎক্ষণিক আরাম পেতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।
ব্যথা কমানোর ঘরোয়া উপায়:
লবঙ্গ ও লবঙ্গের তেল: দাঁত ব্যথার সবচেয়ে প্রাচীন ও কার্যকর প্রতিকার হলো লবঙ্গ। যেখানে ব্যথা হচ্ছে সেখানে একটি লবঙ্গ চেপে রাখুন অথবা তুলোয় লবঙ্গের তেল নিয়ে ওই জায়গায় লাগান। এতে থাকা ‘ইউজেনল’ প্রাকৃতিক অ্যানাস্থেটিক হিসেবে কাজ করে।
লবণ-গরম জলের কুলকুচি: এক গ্লাস ইষদুষ্ণ জলে এক চামচ লবণ মিশিয়ে ভালো করে কুলকুচি করুন। এটি দাঁতের ফাঁকে জমে থাকা খাবার বের করে দেয় এবং মাড়ির ফোলা ভাব কমায়।
রসুন কোঁয়া: রসুনে রয়েছে ‘অ্যালিসিন’ যা অ্যান্টি-ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। এক কোয়া রসুন থেঁতো করে সামান্য লবণের সঙ্গে মিশিয়ে ব্যথার জায়গায় লাগালে দ্রুত আরাম মেলে।
বরফ সেঁক: যদি ব্যথার কারণে গাল ফুলে যায়, তবে একটি কাপড়ে বরফ পেঁচিয়ে গালের বাইরে থেকে সেঁক দিন। এতে স্নায়ু কিছুটা অবশ হয়ে ব্যথা কমে।
সতর্কতা:
এই ঘরোয়া পদ্ধতিগুলো সাময়িক আরাম দিলেও দাঁতের আসল সমস্যা দূর করতে পারে না। তাই ব্যথা কিছুটা কমলে অবশ্যই বিশেষজ্ঞ ডেন্টিস্টের পরামর্শ নিন।





