১৫ বছরের বৈভবের আইপিএল খেলা কি আসলে ‘শিশুশ্রম’? বিস্ফোরক অভিযোগে কাঁপছে ক্রিকেট মহল!

এবারের আইপিএলে ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙে চর্চায় উঠে এসেছেন রাজস্থান রয়্যালসের ১৫ বছরের বিষ্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। কিন্তু এবার মাঠের পারফরম্যান্স নয়, বরং এক গুরুতর আইনি বিতর্কের কেন্দ্রে এই কিশোর ক্রিকেটার। কর্ণাটকের এক সমাজকর্মী বৈভবের আইপিএল খেলাকে সরাসরি ‘শিশুশ্রম’ বলে অভিহিত করেছেন এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন।

কর্ণাটকের সমাজকর্মী সিএম শিবকুমার নায়েক দাবি করেছেন, মাত্র ১৫ বছর বয়সে বৈভবকে আইপিএলের মতো উচ্চচাপের গ্ল্যামারাস টুর্নামেন্টে নামানো আসলে নাবালকের শোষণ। তাঁর মতে, বৈভবকে দলে নিয়ে রাজস্থান রয়্যালস মূলত শিশুশ্রমের বিজ্ঞাপন করছে। ২০১১ সালের ২৭ মার্চ বিহারে জন্ম নেওয়া বৈভব বর্তমানে দেশের অন্যতম কনিষ্ঠ পেশাদার ক্রিকেটার। আইপিএল নিলামে ১.১ কোটি টাকায় তাঁকে দলে নিয়ে চমক দিয়েছিল রাজস্থান। কিন্তু এখন সেই চমকই দলের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

শিবকুমার নায়েক একটি কন্নড় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাফ জানিয়েছেন, ১৫ বছরের একটি ছেলের বর্তমান সময়টা পড়াশোনায় মন দেওয়ার। অভিযোগ উঠেছে, ক্রিকেটের ব্যস্ততায় বৈভব নাকি তাঁর বোর্ড পরীক্ষাও এড়িয়ে যাচ্ছেন। সমাজকর্মীর প্রশ্ন, কেন একটি কিশোরকে আইপিএলের প্রচণ্ড মানসিক ও শারীরিক চাপের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এই অভিযোগ ভাইরাল হওয়ার পর থেকেই ক্রীড়া দুনিয়ায় ঝড় উঠেছে।

তবে এই বিতর্কের বিপরীতে দাঁড়িয়ে ক্রিকেট প্রেমীদের একটি বড় অংশ সমাজকর্মীর এই অবস্থানকে প্রচার পাওয়ার কৌশল বলে মনে করছেন। নেটিজেনরা কিংবদন্তি সচিন তেন্ডুলকরের উদাহরণ টেনে আনছেন, যিনি মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। বিশেষজ্ঞদের মতে, ভারতের শিশুশ্রম আইন সাধারণত বিপজ্জনক কলকারখানা বা শোষণমূলক শ্রমের ক্ষেত্রে প্রযোজ্য। পেশাদার খেলাধুলা যেখানে অভিভাবকের সম্মতি এবং উপযুক্ত পরিকাঠামোয় পরিচালিত হয়, সেখানে এই আইন কতটা খাটবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আপাতত কোনও লিখিত এফআইআর দায়ের না হলেও, রাজস্থান রয়্যালস ও বৈভবের ভবিষ্যৎ ঘিরে জল্পনা তুঙ্গে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy