অবশেষে ভারতীয় ফুটবল ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। আগামী ১১ জুন মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে চলা ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব জিতে নিল ‘জি এন্টারটেইনমেন্ট’ (Zee Entertainment)। টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র ১০ দিন আগে এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে গত কয়েক মাস ধরে চলা চরম অনিশ্চয়তার ইতি ঘটল।
ফুটবলের এই মহোৎসব ভারতে কে দেখাবে, তা নিয়ে ফিফা এবং বিভিন্ন সম্প্রচারকারী সংস্থার মধ্যে দীর্ঘ আলোচনা চলছিল। ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম ফুটবল বাজার হওয়া সত্ত্বেও শেষ মুহূর্ত পর্যন্ত কোনো সরকারি সম্প্রচারকারীর নাম নিশ্চিত ছিল না। তবে এই চুক্তির মাধ্যমে কেবল ২০২৬ বিশ্বকাপ নয়, বরং ২০৩৪ সাল পর্যন্ত ফিফার আরও ৩৮টি গুরুত্বপূর্ণ ইভেন্ট সম্প্রচারের স্বত্বও ‘জি’-এর দখলে এল। এর ফলে আগামী আট বছর ভারতীয় দর্শকরা আন্তর্জাতিক ফুটবল দেখার নিরবচ্ছিন্ন সুযোগ পাবেন।
যদিও এই চুক্তির আর্থিক কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দাবি অনুযায়ী, ফিফা প্রাথমিকভাবে ভারত প্যাকেজের জন্য প্রায় ১০০ মিলিয়ন ডলার চেয়েছিল। পরবর্তীতে সেই চাহিদা কমিয়ে ৬০ মিলিয়ন ডলারে আনা হয়। ভারতের ক্রীড়া সম্প্রচার বাজারের বর্তমান জায়ান্ট ‘জিওস্টার’ (রিলায়েন্স ও ডিজনি যৌথ উদ্যোগ) এই স্বত্ব পাওয়ার জন্য প্রায় ২০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিল, যা ফিফা প্রত্যাখ্যান করে। এছাড়া ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপ সম্প্রচারকারী সনিও আলোচনার টেবিলে থাকলেও শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি।
এই ঐতিহাসিক চুক্তির আওতায়, দর্শকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে জি এন্টারটেইনমেন্ট চারটি নতুন ডেডিকেটেড স্পোর্টস চ্যানেল চালু করছে। এগুলি হলো—Unite8 Sports 1, Unite8 Sports 1 HD, Unite8 Sports 2 এবং Unite8 Sports 2 HD। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী আট বছর ধরে ফিফার প্রতিটি ইভেন্ট নিখুঁতভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতেই এই চ্যানেলগুলো তৈরি করা হয়েছে। প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর লড়াই ঘরে বসেই উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।





