মুম্বই ছাড়ছেন হার্দিক পাণ্ডিয়া? কেকেআরের গোপন ভিডিওয় ফাঁস মেগা দলবদলের সবথেকে বড় রহস্য!

আইপিএল ট্রেড উইন্ডো খোলার আগেই ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে ঘিরে ফের তীব্র জল্পনা শুরু হয়েছে। ২০২৪ সালে মুম্বই ইন্ডিয়ান্সে প্রত্যাবর্তন করলেও তাঁর নেতৃত্বে দল আশানুরূপ পারফর্ম করতে পারেনি। গত তিন মরশুমে মাত্র একবার প্লে অফে জায়গা করে নিতে পেরেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। গত আইপিএলে ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জয় পেয়ে একেবারে তলানিতে শেষ করেছিল মুম্বই। এই চরম ব্যর্থতার পরই হার্দিকের দলবদল নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে অধিনায়কহীন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়ায় কৌতূহল তুঙ্গে পৌঁছেছে। অজিঙ্ক রাহানের অবসরের পর কেকেআরের অধিনায়ক পদ বর্তমানে খালি থাকায় জল্পনা আরও জোরালো হয়েছে। এরই মধ্যে কেকেআরের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে।
সম্প্রতি বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে বরুণ চক্রবর্তীর কসরত করার একটি ছবি ও ভিডিয়ো পোস্ট করে কেকেআর। কিন্তু সেই ভিডিয়োর আসল আকর্ষণ হয়ে ওঠেন হার্দিক। বরুণের পিছন দিক দিয়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে মজার ছলে খুনসুটি করতে দেখা যায় হার্দিককে। আর এই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় আসার পরেই নেটপাড়ায় ঝড় উঠেছে। ভক্তদের মনে প্রশ্ন জাগছে, তবে কি সত্যিই কেকেআরে আসছেন হার্দিক? একজন সমর্থক মন্তব্য করেছেন, ‘অ্যাডমিন কি কোনও গোপন ইঙ্গিত দিচ্ছে?’ আবার অন্য একজনের দাবি, হার্দিককে কেকেআরের নতুন অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। অনেকেই তাঁকে ‘ভবিষ্যতের অধিনায়ক’ বলেও সম্বোধন করেছেন। কলকাতা ও চেন্নাই সুপার কিংস ছাড়াও লখনউ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালস তাঁকে দলে নিতে আগ্রহী বলে খবর।
তবে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের অন্দরমহল থেকে দাবি করা হচ্ছে যে, এই অলরাউন্ডারকে সহজে ছাড়বে না ফ্র্যাঞ্চাইজি। যদিও বিভিন্ন দল থেকে তাঁর জন্য প্রস্তাব এসেছে। ২০২৪ সালের পর হার্দিকের পরিসংখ্যান খুব একটা নজরকাড়া না হলেও তাঁর ম্যাচ জেতানোর ক্ষমতার ওপর ভরসা রেখেই দলগুলি যোগাযোগ করছে। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় আরও কিছু সম্ভাব্য ট্রেডের গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্স যশস্বী জয়সওয়াল বা নিকোলাস পুরানের সঙ্গে হার্দিকের অদলবদল করতে পারে। আবার দিল্লি ক্যাপিটালসের সঙ্গে অক্ষর প্যাটেলের বিনিময়ে ট্রেডের আলোচনাও চলছে। সবমিলিয়ে হার্দিকের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে জল্পনা তুঙ্গে।