প্রায় ৭০ কোটি টাকার আর্থিক ঘাটা! বিশ্ব ক্রিকেটে দাপট দেখালেও চরম সংকটে নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড

মাঠে দুর্দান্ত পারফর্ম করে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মন জয় করলেও আর্থিক দিক থেকে এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (NZC)। সাম্প্রতিক এক আনুষ্ঠানিক বিবৃতিতে বোর্ড জানিয়েছে যে, গত অর্থবছরে তাদের প্রায় ৭৩ লক্ষ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকা বিশাল আর্থিক লোকসান হয়েছে। শুরুর দিকে বোর্ডের অভ্যন্তরীণ হিসেবে এই ক্ষতির পরিমাণ মাত্র ১৮ লক্ষ ডলারের কাছাকাছি সীমাবদ্ধ থাকবে বলে অনুমান করা হয়েছিল, যা পরবর্তীতে প্রায় সাত গুণ বৃদ্ধি পেয়ে চরম আশঙ্কাজনক জায়গায় পৌঁছেছে।
এই বিপুল আর্থিক ক্ষতির প্রধান কারণ হিসেবে ভারতের নতুন জুয়া আইন বা গেমিং রেগুলেশনের পরিবর্তনকে দায়ী করেছে কিউই বোর্ড। ভারতের এই আইনি পরিবর্তনের জেরে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান স্পনসর ‘ড্রিম ১১’ (Dream11)-এর অংশীদারিত্বের শর্তাবলীতে বড়সড় পরিবর্তন আসে। যার ফলে বোর্ড তাদের কাঙ্ক্ষিত স্পনসরশিপ ও বাণিজ্যিক রাজস্ব থেকে বঞ্চিত হয় এবং তাদের আয়ের পালে টান পড়ে।
তবে এই সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আশাবাদী যে, আসন্ন হোম সিরিজগুলো থেকে তারা ঘুরে দাঁড়াতে সক্ষম হবে এবং সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকা বা ১.২ বিলিয়ন ডলারের সমতুল্য রাজস্ব আদায় করতে পারবে। আর এই লক্ষ্য পূরণে তাদের প্রধান ভরসাস্থল হল আগামী অক্টোবর মাসে ভারতীয় ক্রিকেট দলের মেগা নিউজিল্যান্ড সফর। ওই সফরে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের মাটিতে মোট ১২টি হাই-ভোল্টেজ ম্যাচ খেলবে, যার মধ্যে রয়েছে পাঁচটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে এবং দুটি গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ। ২২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই দ্বিপাক্ষিক সিরিজটি কিউই বোর্ডের ফিন্যান্সিয়াল ব্যাকআপ রিভার্স করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।