এশিয়া কাপ ফাইনালের আগে ভারতীয় ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’! বুমরার পাল্টা পোস্টে ‘ঢোঁক গিললেন’ মহম্মদ কাইফ

রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনাল খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার আগে ভারতীয় ক্রিকেটেই যেন এক অপ্রত্যাশিত ‘গৃহযুদ্ধ’ শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। এই বিতর্কের এক দিকে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ এবং অন্য দিকে ভারতীয় দলের অন্যতম প্রধান শক্তি পেসার জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
বুমরার বোলিং কৌশল নিয়ে প্রশ্ন তোলায় এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট এবং পাল্টা পোস্টে সরগরম হয়ে ওঠে ভারতীয় ক্রিকেট।
কাইফের অভিযোগ ও বুমরার পালটা
বিতর্কের সূত্রপাত করেন মহম্মদ কাইফ। তিনি এক্স হ্যান্ডলে দীর্ঘ পোস্টে লেখেন, বর্তমান অধিনায়ক সূর্যকুমারের অধীনে বুমরা প্রথম তিন ওভার বল করে নেয়, যা ‘চোটের আতঙ্ক এড়াতে’ এবং গা গরম রাখতে করা হচ্ছে। কাইফের দাবি, রোহিত শর্মার অধিনায়কত্বে বুমরা সাধারণত ১৩, ১৭ ও ১৯ তম ওভারের মতো ডেথ ওভারে বল করত।
কাইফের আশঙ্কা, বাকি ১৪ ওভারে বুমরা যদি মাত্র ১ ওভার করে, তাহলে ব্যাটারদের জন্য সেটা স্বস্তির। “বিশ্বকাপে শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে তা ভারতকে বিপদে ফেলতে পারে,” মন্তব্য করেন কাইফ।
বুমরার চোট–আঘাত এবং ওয়ার্কলোড নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। স্বাভাবিকভাবেই কাইফের বক্তব্যে সেই বিতর্ক আরও উস্কে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। আর সেই কারণেই চুপ থাকেননি ভারতীয় পেসার। কাইফকে সরাসরি জবাব দিয়ে বুমরা লেখেন:
“আগেও ভুল বলেছ, আবারও ভুল বলছ।”
বিতর্কে ‘ঢোঁক গিললেন’ কাইফ
ভারতীয় পেসার বুমরার এমন কড়া জবাবে বিষয়টি নিয়ে আর জলঘোলা করেননি মহম্মদ কাইফ। কার্যত ‘ঢোঁক গিলে’ কাইফ এই পাল্টা জবাবের উত্তরে লেখেন:
“তোমার একজন শুভাকাঙ্ক্ষী ও ভক্তের ক্রিকেট পর্যবেক্ষণ হিসেবেই বিষয়টা গ্রহণ করো। তুমি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ উইনার। আর আমি জানি ভারতের জার্সিতে সর্বস্ব দিতে হলে কী পরিশ্রম করতে হয়!”
ফাইনালে মহারণের আগে এই বিতর্ক শেষ পর্যন্ত থামবে কিনা, এখন সেটাই দেখার। তবে প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়দের মধ্যে এই সরাসরি মতবিরোধ নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।