বিধানসভায় ডিজিটাল বিপ্লব: বিধায়কদের প্রশিক্ষণ দিতে শহরে ওম বিড়লা, বড় ঘোষণা কিরণ রিজিজুর!

রাজ্য বিধানসভাকে আধুনিক ও ১০০ শতাংশ ডিজিটাইজড করার লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা হলো। আজ, শুক্রবার থেকে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে নবনির্বাচিত বিধায়কদের জন্য দুই দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির। ৩ ও ৪ জুলাই আয়োজিত এই কর্মশালায় ১৮তম বিধানসভার ২০০-রও বেশি প্রথমবার নির্বাচিত বিধায়কদের সংসদীয় কার্যাবলি, আইন প্রণয়ন এবং বিধায়কের ভূমিকা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এই হাই-প্রোফাইল কর্মসূচির উদ্বোধনী মঞ্চে উপস্থিত রয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন এই মঞ্চ থেকেই কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বিধানসভাকে ১০০ শতাংশ ডিজিটাইজড করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, এর জন্য প্রয়োজনীয় সমস্ত আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা করবে কেন্দ্র। এই উদ্যোগ কার্যকর হলে বিধানসভার কাজ আরও স্বচ্ছ ও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে।
প্রশিক্ষণ শিবিরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, ওড়িশা এবং সিকিম বিধানসভার অধ্যক্ষদের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। বিধায়কদের প্রশ্নোত্তর পর্ব, বাজেট প্রক্রিয়া এবং সংসদীয় কমিটি ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নিয়েছেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। মূলত, নতুন বিধায়কদের সিংহভাগই এবার প্রথমবারের জন্য বিধানসভায় এসেছেন, তাই তাঁদের সংসদীয় রীতিনীতিতে আরও অভিজ্ঞ ও দক্ষ করে তোলাই এই শিবিরের প্রধান লক্ষ্য।
একদিকে যখন নিউটাউনে চলছে বিধায়কদের এই প্রশিক্ষণ শিবির, অন্যদিকে ব্যস্ত সূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ সকালে এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অংশ নিয়েই তিনি দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখান থেকে উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা রয়েছে তাঁর। শিলিগুড়িতে পৌঁছে একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী এবং বিকেলের বিমানেই তাঁর কলকাতায় ফিরে আসার কথা রয়েছে। রাজ্য প্রশাসন ও সংসদীয় রাজনীতির দিক থেকে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।