১৫ বছরের দুর্ভোগ শেষ! পুজোর আগে এই মন্ত্রী যা করলেন, তাতে আহ্লাদে আটখানা উত্তর দিনাজপুরের ২৫ হাজার মানুষ

উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব এবং বর্ষা এলেই রাস্তার বেহাল দশা—এ রাজ্যের অনেক জায়গারই চেনা ছবি। তবে এই সব অভিযোগের মধ্যেই উত্তর দিনাজপুর জেলায় রাস্তা নিয়ে এমন একটি পদক্ষেপ নিলেন রাজ্যের মন্ত্রী, তাতে আহ্লাদে আটখানা এলাকার বাসিন্দারা। দীর্ঘ ১৫ বছরের চরম দুর্ভোগের অবসান ঘটিয়ে শুরু হলো রাস্তা মেরামতির কাজ।
১৫ বছরে বেহাল ১৫ কিমি রাস্তা
উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকের ঝলঝলি থেকে শোলপাড়া পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার রাস্তাটি ছিল সম্পূর্ণ বেহাল। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত প্রায় ১৫ বছর ধরে এই রাস্তার অবস্থা ছিল শোচনীয়। এই রাস্তাটির গুরুত্ব অপরিসীম, কারণ চারটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ এর উপর দিয়েই নিত্য যাতায়াত করেন। স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় ধরে রাস্তায় এমন বেহাল দশা থাকার কারণে বর্ষা এলেই চরম ভোগান্তির শিকার হতে হতো স্থানীয়দের।
কেন্দ্রের সাহায্য ছাড়াই রাজ্যের টাকায় কাজ শুরু
রাস্তার এমন বেহাল পরিস্থিতি নিয়ে এলাকার বাসিন্দারা সরাসরি রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর দ্বারস্থ হন। গ্রামবাসীদের সমস্যার কথা শুনে মন্ত্রী ওই রাস্তা সারানোর বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন।
জানা গেছে, উত্তর দিনাজপুরের ওই রাস্তা মেরামতির জন্য কেন্দ্রীয় সরকারের অর্থ সাহায্য মেলেনি। এই পরিস্থিতিতে মন্ত্রী রব্বানীর প্রচেষ্টায় রাজ্য সরকারের বরাদ্দ টাকা দিয়েই রাস্তাটি পুনরায় নির্মাণের বন্দোবস্ত করা হয়।
টাকা বরাদ্দ হওয়ার পরই ঠিক দুর্গাপূজার আগে শুরু হয় ১৫ কিলোমিটার দীর্ঘ রাস্তাটির পুনরায় নির্মাণের কাজ। আর পুজোর আগে এই বহু প্রতীক্ষিত কাজ শুরু হওয়া দেখে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এলাকার ২৫ হাজার বাসিন্দা। দীর্ঘ ১৫ বছরের দুর্ভোগ শেষে রাস্তা সারানোর এমন উদ্যোগ নেওয়ার জন্য তাঁরা ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী এবং রাজ্য সরকারকে।