রাজনীতি শেষ, এবার মেকআপ রুম! জিম থেকে বিধ্বংসী লুকে দেব, পুজোয় ধামাকা আসছে ‘দেশু ৭’ নিয়ে

টানা এক মাস রোদে-জলে কখনও উত্তরবঙ্গ, কখনও দক্ষিণবঙ্গ। তৃণমূলের তারকা প্রচারক হিসেবে দাপিয়ে বেড়িয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা টলিউড সুপারস্টার দেব। তীব্র গরমে প্রচার করতে গিয়ে বেহালায় অসুস্থও হয়ে পড়েছিলেন। হিটস্ট্রোক ও মাইগ্রেনের সমস্যায় কাহিল হয়ে অ্যাম্বুলেন্সে প্রাথমিক চিকিৎসাও নিতে হয়েছিল তাঁকে। কিন্তু ভোট-প্রচার শেষ হতেই বিশ্রাম নয়, বরং নিজের পুরনো ময়দান অর্থাৎ সিনেমার ফ্লোরে ফিরলেন অভিনেতা।

এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মিরর সেলফি পোস্ট করে দেব বুঝিয়ে দিলেন, তিনি এখন পুরোপুরি ‘সিনেমার মুডে’। জিমের পোশাকে ঘামঝরানো শরীরী বিভঙ্গে ধরা দিয়ে দেব লিখেছেন, “ব্যাক টু সিনেমা। আমার পরের ছবি ‘দেশু ৭’-এর জন্য তৈরি হচ্ছি।” এই ছবি ঘিরেই এখন টলিউডে উত্তেজনার পারদ তুঙ্গে। কারণ, শুধু অভিনয় বা প্রযোজনা নয়, এই ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন দেব স্বয়ং। এমনকী পরিচালনার ব্যাটনও থাকছে তাঁরই হাতে।

চলতি বছরের পুজোয় মুক্তি পেতে চলা এই ছবিতে থাকছে বড় চমক। একদিকে যেমন ফিরছে দেব-শুভশ্রী আইকনিক জুটি, তেমনই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। নির্বাচনের মাঝেও ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিটে সই বিলিয়ে ছবিটির হাইপ বাড়িয়ে রেখেছেন দেব।

উল্লেখ্য, দেবের হাতে এখন একগুচ্ছ কাজ। উত্তরবঙ্গের করিমূল হকের জীবনী অবলম্বনে তৈরি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির শুটিং তিনি ইতিমধ্যেই শেষ করেছেন, যা স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা। সেখানে তাঁর বিপরীতে রয়েছেন রুক্মিণী মৈত্র। এ ছাড়া ‘খাদান ২’ এবং বড়দিনে ‘টনিক ২’ নিয়ে আসার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন অভিনেতা। অসুস্থতাকে তুড়ি মেরে উড়িয়ে যেভাবে দেব কাজে ফিরেছেন, তাতে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। রাজনীতি থেকে বিরতি নিয়ে এখন শুধুই রুপোলি পর্দার লড়াইয়ে নিজেকে শান দিচ্ছেন টলিউডের এই হার্টথ্রব।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy