বঙ্গ বিজেপির প্রার্থী তালিকা ঘিরে অসন্তোষের আবহেই বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় নেতৃত্ব। নিচুতলার কর্মীদের তীব্র ক্ষোভের মুখে পড়ে ময়নাগুড়ি আসনে প্রার্থী বদল করতে বাধ্য হল গেরুয়া শিবির। মঙ্গলবার সকালে প্রকাশিত ১৩টি আসনের সংশোধিত তালিকায় বিদায়ী বিধায়ক কৌশিক রায়ের নাম বাদ দিয়ে সেখানে ডালিম রায়কে প্রার্থী করা হয়েছে।
গতবার এই আসনে প্রায় ১২ হাজার ভোটে জিতলেও কৌশিক রায়ের বিরুদ্ধে স্থানীয় স্তরে ক্ষোভ ছিল তুঙ্গে। এমনকি দলীয় কার্যালয় ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছিল। কর্মীদের দাবি ছিল, প্রার্থী না বদলালে হার নিশ্চিত। শেষ পর্যন্ত সেই দাবি মেনেই সিলমোহর দিল দিল্লি। অন্যদিকে, বড় চমক দেখা গিয়েছে মধ্য কলকাতার চৌরঙ্গী আসনে। সেখানে কংগ্রেস ছেড়ে আসা পোড়খাওয়া নেতা সন্তোষ পাঠককে টিকিট দিয়েছে বিজেপি।
বিজেপির এই চতুর্থ দফার তালিকায় রয়েছে আরও একাধিক গুরুত্বপূর্ণ নাম। মতুয়া গড় বাগদায় লড়াই করবেন সোমা ঠাকুর। এ ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর উত্তরে দেবাশিস ধর এবং ফলতায় দেবাংশু পাণ্ডাকে প্রার্থী করা হয়েছে। কোচবিহারের সিতাইয়ে আশুতোষ বর্মা ও নাটাবাড়িতে গিরিজাশঙ্কর রায় লড়বেন। হাওড়া দক্ষিণে শ্যামল হাটি এবং পাঁচলায় রঞ্জন কুমার পালকে প্রার্থী করা হয়েছে। ময়নাগুড়ির এই নজিরবিহীন বদল রাজ্যের অন্যান্য বিক্ষুব্ধ কেন্দ্রগুলোতে প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার।