“পিছন থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে কেন্দ্র!” বঙ্গে ‘অঘোষিত রাষ্ট্রপতি শাসন’-এর অভিযোগে সরব মমতা

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে কার্যত রণংদেহি মেজাজে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার চন্দ্রকোনার নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে নজিরবিহীন আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলায় এখন ‘অঘোষিত রাষ্ট্রপতি শাসন’ চলছে এবং নির্বাচনে হারার ভয়ে কেন্দ্র পিছন থেকে রাজ্যের সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে চাঞ্চল্যকর অভিযোগটি ছিল ভোটার তালিকায় কারচুপি নিয়ে। তিনি দাবি করেন, বাংলার ভূমিপুত্রদের নাম বাদ দিয়ে উত্তরপ্রদেশ, বিহার ও রাজস্থান থেকে হাজার হাজার ‘বহিরাগত’ লোকের নাম ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, শুধুমাত্র সোমবারই ৩০ হাজার এমন নাম জমা দিয়েছে বিজেপি। একই সুরে সুর মিলিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে। অভিষেকের প্রশ্ন, যদি কোনো কারচুপি না হয়ে থাকে, তবে কমিশন কেন সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে ভয় পাচ্ছে? ভোটের মুখে ‘বহিরাগত ভোটার’ ইস্যু নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি।