ভোটার তালিকায় ‘বহিরাগত’ ঢোকানোর ছক? কমিশনকে মারাত্মক চিঠি মমতার!

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে সরাসরি দেশের মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় প্যাডে লেখা এই চিঠিতে মমতা অভিযোগ করেছেন, ভিনরাজ্যের বাসিন্দাদের নাম কৌশলে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা চলছে। তাঁর দাবি, এটি মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার খর্ব করার এক গভীর ষড়যন্ত্র।

মঙ্গলবার চন্দ্রকোণার নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক দাবি করেন, বিজেপি বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ‘ফর্ম ৬’ জমা দিচ্ছে। শুধুমাত্র সোমবারই নাকি ৩০ হাজার ভিনরাজ্যের মানুষের নাম জমা দেওয়া হয়েছে। মমতা অভিযোগ করেন, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান ও হরিয়ানা থেকে নাম এনে বাংলার তালিকায় ঢোকানো হচ্ছে, যা সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনি। এর আগে দিল্লি, মহারাষ্ট্র ও হরিয়ানার নির্বাচনেও একই প্রবণতা দেখা গিয়েছিল বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা বজায় রাখার আর্জি জানিয়ে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপের দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী।