নতুন বছরের শুরুতেই অটোমোবাইল বাজারে ঝড় তুলল মারুতি সুজুকি ইন্ডিয়া। ২০২৬ সালের জানুয়ারির পরিসংখ্যান বলছে, কোম্পানিটি মোট ২.৩৬ লক্ষেরও বেশি গাড়ি বিক্রি করে এক নয়া নজির গড়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এই সাফল্যের নেপথ্যে রয়েছে দেশের সবচেয়ে সস্তা দুই মডেল— অল্টো K10 এবং এস-প্রেসো।
মাত্র ৩.৫০ লক্ষ টাকা থেকে শুরু হওয়া অল্টো K10 এখন হাই-টেক ফিচারে ঠাসা। এতে রয়েছে ১.০ লিটার ডুয়াল জেট ইঞ্জিন এবং ৭-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। সবচেয়ে বড় চমক এর মাইলেজ; সিএনজি ভেরিয়েন্টে এটি প্রতি কেজিতে ৩৩.৮৫ কিমি পথ চলতে সক্ষম। সুরক্ষার খাতিরে কোম্পানি এখন ৬টি এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড করে দিয়েছে।
অন্যদিকে, এস-প্রেসো ৩.৭০ লক্ষ টাকা প্রারম্ভিক মূল্যে এসইউভি-র ফিল দিচ্ছে মধ্যবিত্তকে। ২৪ কিমি/লিটার মাইলেজ এবং হিল হোল্ড অ্যাসিস্টের মতো প্রিমিয়াম ফিচার একে জনপ্রিয়তার শীর্ষে রেখেছে। গত মাসে এই মিনি সেগমেন্টের দুটি গাড়ি মিলিয়ে ১৪,২৬৮ ইউনিট বিক্রি হয়েছে। সস্তায় দুর্দান্ত মাইলেজ আর আধুনিক ফিচারের কম্বিনেশনই মারুতিকে ফের এক নম্বরে বসিয়ে দিল।