রাজ্যে বিধানসভা নির্বাচনের মেগা লড়াই শেষ। এবার অপেক্ষা সোমবারের ফলপ্রকাশের। তবে গণনার ঠিক ৪৮ ঘণ্টা আগে দলের কাউন্টিং এজেন্টদের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার নিজের বাড়ি থেকে ভার্চুয়ালি এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, গণনাকেন্দ্রে কাউন্টিং এজেন্টরা যেন বাইরের খাবার বা পানীয় গ্রহণ না করেন।
নিরাপত্তায় কড়াকড়ি: পান-জর্দা ব্রাত্য ভোট পরবর্তী কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি বা চক্রান্ত এড়াতে অত্যন্ত সচেতন ঘাসফুল শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এজেন্টদের উদ্দেশে বলেন, “আপনারা প্রত্যেকে বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন। দুপুরের খাবার একদম হালকা হওয়া উচিত। আগের দিন থেকে কেউ পান, জর্দা বা অন্য কোনও নেশাদ্রব্য খাবেন না।” বাইরের খাবারে বিষক্রিয়া বা কোনও কিছু মিশিয়ে দেওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি এজেন্টদের নিজের খাবার নিজেই বহন করার কড়া নির্দেশ দিয়েছেন।
২০০ পার করার আত্মবিশ্বাস এবারের নির্বাচনে জয়ের ব্যবধান নিয়ে তৃণমূলনেত্রী পুরোপুরি নিশ্চিত। বৈঠকে তিনি কর্মীদের উজ্জীবিত করে বলেন, “আমরা শুধু জিতছি না, বিপুল ব্যবধানে জয়ী হচ্ছি। ২০০-র বেশি আসন নিয়ে তৃণমূল আবার ক্ষমতায় ফিরছে।” এই আত্মবিশ্বাস যেন গণনার দিনেও বজায় থাকে, সেই বার্তাই দিয়েছেন তিনি।
অভিষেকের ‘এক্সিট পোল’ ও ইভিএম সতর্কতা বৈঠকে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সিট পোলের তথ্যকে কার্যত উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, “এসব আসলে বাজার গরম করার কৌশল। ১০-১২ বছর ধরে এই একইভাবে এক্সিট পোলের মাধ্যমে মানুষকে প্রভাবিত করার চেষ্টা চলে। আসলে স্টক মার্কেট বাঁচাতেই এসব দেখানো হয়।”
একইসঙ্গে ইভিএম কারচুপির আশঙ্কা প্রকাশ করে অভিষেক বলেন, “সোমবার ভোর ৫টার মধ্যে গণনাকেন্দ্রে পৌঁছে যেতে হবে। স্ট্রং রুম থেকে গণনার টেবিলে মেশিন নিয়ে যাওয়ার সময় বিশেষ নজর রাখা জরুরি। মেশিন বদলে দেওয়ার মতো ঘটনা যাতে না ঘটে, সেদিকে কড়া নজর রাখতে হবে।”





