৪ মে রাজ্য বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ ফলাফল। কিন্তু তার ঠিক ৪৮ ঘণ্টা আগে আরও একবার কড়া পরীক্ষা দিতে হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার দুই হেভিওয়েট কেন্দ্র— ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমকে। শনিবার সকাল থেকেই এই দুই বিধানসভার মোট ১৫টি বুথে শুরু হয়েছে পুনর্নির্বাচন। আর প্রথম কয়েক ঘণ্টার ভোটদানের হার দেখে কপালে ভাঁজ পড়েছে রাজনৈতিক বিশ্লেষকদের।
ভোটদানের হারে বড় রেকর্ড নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, কড়া রোদের তোয়াক্কা না করেই সকাল থেকে বুথমুখী হয়েছেন ভোটাররা। বেলা ১১টা বাজতে না বাজতেই দুই কেন্দ্রের ১৫টি বুথে গড়ে ৩৬.৯৯ শতাংশ ভোট পড়ে গেছে।
মগরাহাট পশ্চিম: ৩৮.২% ভোট পড়েছে এখানে।
ডায়মন্ড হারবার: ৩৫.৯২% ভোটার ইতিমধ্যেই তাঁদের অধিকার প্রয়োগ করেছেন।
নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ল বুথ ভোটগ্রহণের দিন যাতে কোনওরকম অশান্তি না হয়, তার জন্য এবার বাড়তি সতর্ক কমিশন। মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে মোতায়েন রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। বুথের সামনে কোনও জমায়েত করতে দেওয়া হচ্ছে না, সমানে চলছে রুট মার্চ। ভোটারদের অভিযোগ ছিল, আগের দফায় অনেক জায়গায় সমস্যা হয়েছিল। তাই এবার প্রতিটি বাড়িতে বিএলও-রা গিয়ে খবর দিয়ে এসেছেন। ফলে নির্বিঘ্নেই চলছে গণতন্ত্রের উৎসব।
৪ মে-র আগে কাউন্টডাউন শুরু আগামী সোমবার, ৪ মে নির্ধারিত হবে বাংলার ভাগ্য। ইতিমধ্যেই রাজ্যের ২৯৪টি আসনের ভোটগণনার জন্য ৭৭টি কেন্দ্র প্রস্তুত করেছে কমিশন। কমিয়ে দেওয়া হয়েছে গণনাকেন্দ্রের সংখ্যা। প্রতিটি স্ট্রংরুম এখন সিসিটিভি-র কড়া নজরদারিতে এবং কেন্দ্রীয় বাহিনীর ত্রিস্তরীয় বলয়ে মোড়া।





