কুকুরের নির্বীজকরণে হাড়হিম করা জালিয়াতি! একটি ঘর থেকেই উদ্ধার ৭৯৫টি সারমেয় দেহাংশ

মধ্যপ্রদেশের মণ্ডলা জেলায় কুকুরের নির্বীজকরণ প্রকল্পের আড়ালে সামনে এল এক শিউরে ওঠা জালিয়াতির ঘটনা। একটি ভাড়াবাড়ি থেকে কয়েকশো কুকুরের প্রজনন অঙ্গ উদ্ধার ঘিরে এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, জবলপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা সরকারি টাকা হাতাতে কোনও নির্বীজকরণ না করেই অন্য জায়গা থেকে কুকুরের দেহাংশ সংগ্রহ করে মজুত করছিল।

মণ্ডলা পুরসভা শহরের সারমেয়দের সংখ্যা নিয়ন্ত্রণে একটি টেন্ডার ডেকেছিল, যেখানে প্রতি কুকুরের নির্বীজকরণের জন্য ৬৭৯ টাকা বরাদ্দ ছিল। জবলপুরের ‘মা অম্বে এন্টারপ্রাইজ’ এই কাজের বরাত পায়। কিন্তু কাজ না করায় গত ২ এপ্রিল তাদের চুক্তি বাতিল করে দেয় পুরসভা। এরপরই এক পশুপ্রেমী কর্মীর অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দুটি বড় কন্টেনার উদ্ধার করা হয়। সেখান থেকে মোট ৭৯৫টি কুকুরের প্রজনন অঙ্গ পাওয়া গেছে, যার মধ্যে ৫১৮টি পুরুষ এবং ২৭৭টি স্ত্রী কুকুরের।

বিশেষজ্ঞদের অনুমান, সংস্থাটি জাল বিল জমা দিয়ে টাকা হাতানোর উদ্দেশ্যে বাইরে থেকে এই দেহাংশগুলি সংগ্রহ করে রেখেছিল। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং পশুদের ওপর নিষ্ঠুরতা ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy