SSC-পরীক্ষায় ভিনরাজ্যের পরীক্ষার্থীদের ভিড়, বিজেপিকে ব্রাত্যর কটাক্ষ, পাল্টা জবাব শমীকের

রাজ্যের এসএসসি পরীক্ষায় ভিনরাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি নিয়ে এবার রাজনৈতিক বিতর্ক চরমে পৌঁছেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ইস্যুকে ‘ডবল ইঞ্জিন’ সরকারের ব্যর্থতা বলে কটাক্ষ করেছেন। তাঁর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, যিনি বাংলার আর্থিক পরিস্থিতি ও কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ১৩ হাজার ৫১৭ জন এবং নবম-দশমের পরীক্ষায় ৩১ হাজার ৩৬২ জন ভিনরাজ্যের পরীক্ষার্থী অংশ নিয়েছেন, যার অধিকাংশই এসেছে উত্তর প্রদেশ ও বিহার থেকে। তিনি প্রশ্ন তোলেন, “তথাকথিত বহু আড়ম্বরের শব্দ ‘ডবল ইঞ্জিন’ সরকারের সাফল্য বা ব্যর্থতার খতিয়ান আসলে কত, তা আপনারা আন্দাজ করতে পারেন?” ব্রাত্য বসু আরও বলেন, বাংলা বরাবরই বাইরের রাজ্যের লোকেদের আপন করে নিয়েছে।
ব্রাত্য বসুর মন্তব্যের পাল্টা জবাব দেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও ভিনরাজ্যে পরীক্ষা দিতে যাচ্ছে, সেই সংখ্যাটা কত? একটা সময়ে পশ্চিমবঙ্গ মানুষকে রোজগার দিত। ব্রিটিশরা চলে যাওয়ার পর আমাদের বাণিজ্যে অবদান ছিল ২৭ শতাংশ। আমাদের রাজ্যের এফডিআই এখন ০.৬ শতাংশ। আর যারা বলেন বাংলাকে গুজরাট হতে দেব না, তারা মনে রাখবেন গুজরাটের এফডিআই হচ্ছে ৩৯.৬ শতাংশ। আর আমাদের ০.৬ শতাংশ। এটাই তো চিত্র।” শমীক ভট্টাচার্যের এই মন্তব্যে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সুযোগের অভাব এবং অর্থনৈতিক দুর্নীতির মতো বিষয়গুলো সামনে এসেছে।