এক মাসে দু’বার বাংলায় মোদী! রাজ্য-রাজভবন সাক্ষাৎ নিয়ে জোর জল্পনা, নেপথ্যে কি অন্য অঙ্ক?

এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল রাতে কড়া নিরাপত্তার মধ্যে প্রধানমন্ত্রী কলকাতায় পৌঁছলে তাঁকে রাজভবনে স্বাগত জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রধানমন্ত্রীর এই আকস্মিক সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
বিমানবন্দর থেকে রাজভবন পর্যন্ত মোদীর যাত্রাপথে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং ট্র্যাফিক নিয়ন্ত্রণ ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
আজ, প্রধানমন্ত্রী কলকাতার ফোর্ট উইলিয়ামে তিন বাহিনীর সম্মিলিত কমান্ডারদের সম্মেলনে (Combined Commanders’ Conference) নেতৃত্ব দেবেন। প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ এই সম্মেলনটি সাধারণত দিল্লির বাইরে দেশের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হয়। এবার এর আয়োজন করা হয়েছে কলকাতায়। ফোর্ট উইলিয়ামে এমন একটি উচ্চ-পর্যায়ের সম্মেলনের আয়োজন তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রাজ্য-রাজভবন সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রীর বারবার পশ্চিমবঙ্গ সফরকে ঘিরে নানা রাজনৈতিক আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, ফোর্ট উইলিয়ামের সম্মেলন থেকে তিনি কী বার্তা দেন।