৬ ঘণ্টার রাস্তা এবার মাত্র ১২০ মিনিটে! বুলেট ট্রেনের ১২টি স্টেশনের নাম ও ট্র্যাকের কাজ নিয়ে এল বড় খবর

দেশবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে প্রথম বুলেট ট্রেন চালুর প্রস্তুতি এখন একেবারে অন্তিম পর্যায়ে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৭ সালের ১৫ অগাস্ট স্বাধীনতার দিনেই দেশের প্রথম বুলেট ট্রেন পরিষেবা চালু হতে পারে। মুম্বই-আহমেদাবাদ হাই-স্পিড রেল করিডোর প্রকল্পের কাজের গতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

৫০৮ কিমি ট্র্যাকের লেটেস্ট আপডেট ও কাজের গতি

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (অধুনা টুইটার)-এ একটি বিশেষ পোস্টের মাধ্যমে রেলমন্ত্রী জানান যে, ৫০৮ কিলোমিটার দীর্ঘ মুম্বই-আহমেদাবাদ হাই-স্পিড রেল করিডোরটি দ্রুতগতিতে শেষের পথে এগিয়ে চলেছে। গুজরাতের নাভসারিতে বুলেট ট্রেন প্রকল্পের কাজের একটি আকর্ষণীয় ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ট্র্যাকের বিদ্যুতায়নের কাজ অত্যন্ত দ্রুতগতিতে চলছে, যা এই মেগা প্রকল্পের ক্ষেত্রে এক বিরাট মাইলফলক।

বর্তমানে এই প্রকল্পের অধীনে কী ধরনের কাজ চলছে, তার একটি খতিয়ানও তুলে ধরা হয়েছে:

  • লাইন পাতার কাজ: প্রায় ১১২৫ কিলোমিটার জুড়ে এই মুহূর্তে ট্র্যাক বা লাইন বিছানোর কাজ চলছে।

  • ওভারহেড মাস্ট: ট্র্যাকের ওপর বৈদ্যুতিক তার বা ওপরে তারের নেটওয়ার্ক ধরে রাখার জন্য মোট ২২,০০০ ওভারহেড হেড মাস্ট বসানোর কাজ চলছে।

  • ক্যান্টিলিভার অ্যাসেম্বলি: ওভারহেড ওয়্যার সিস্টেমের জন্য অত্যন্ত অপরিহার্য প্রায় ২৫,৭০০ ক্যান্টিলিভার অ্যাসেম্বলি এই করিডোরে স্থাপন করা হচ্ছে।

গতি এবং সময়ের বড় সাশ্রয়

রেল মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের এই প্রথম বুলেট ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩২০ কিলোমিটার। বর্তমানে প্রচলিত দ্রুতগতির ট্রেনগুলিতে মুম্বই থেকে আহমেদাবাদ পৌঁছাতে যেখানে প্রায় ৬ ঘণ্টা সময় লাগে, সেখানে বুলেট ট্রেন চালু হলে সেই একই দূরত্ব মাত্র ২ ঘণ্টায় কভার করা সম্ভব হবে।

কোন কোন ১২টি স্টেশনে থামবে বুলেট ট্রেন?

মুম্বই ও আহমেদাবাদ বুলেট ট্রেন করিডোরটি মূলত মহারাষ্ট্র, গুজরাত এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির ওপর দিয়ে প্রসারিত হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এই পুরো রুটে মোট ১২টি স্টেশন নির্ধারণ করা হয়েছে।

যে ১২টি মূল স্টেশনে ট্রেনটি দাঁড়াবে, সেগুলি হলো:

  1. মুম্বই (BKC)

  2. থানে

  3. ভিরার

  4. বোইসার

  5. ভাপি

  6. বিলিমোরা

  7. সুরাট

  8. ভারুচ

  9. ভাদোদরা

  10. আনন্দ

  11. আহমেদাবাদ

  12. সবরমতি

সবমিলিয়ে, দেশের পরিবহন ব্যবস্থাকে এক নতুন যুগে প্রবেশ করাতে এবং আধুনিক প্রযুক্তির ছোঁয়া দিতে জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে রেলওয়ে।