৬৬ বছর ধরে ব্রতচারী আন্দোলনে যুক্ত! ‘জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই লড়ব’, নজির গড়লেন ৮৬ বছরের এই বৃদ্ধ

শরীরের বয়স ৮৬ হলেও, মনের জোর এখনও ১৮ বছরের যুবকের মতো! হুগলি জেলার সিঙ্গুর থানার বেলেঘাটা গ্রামের বাসিন্দা মদনমোহন মান্না ব্রতচারী আন্দোলন শিবিরে যোগ দিয়ে এমনটাই প্রমাণ করে দিলেন। হাওড়ার মুন্সিরহাট ব্রাহ্মণপাড়া চিন্তামণি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ছয় দিনব্যাপী ব্রতচারী শিবিরে সন্ধ্যায় সকলের নজর ছিল এই প্রবীণ ব্যক্তির দিকে।

দিব্যি মাটি থেকে শূন্যে রনপা হেঁটে দেখালেন তিনি। ত্বকের চামড়ায় বয়সের ছাপ পড়লেও, তাঁর মনোবল বিন্দুমাত্র কমেনি।

দেশ-বিদেশে ব্রতচারী প্রচার:

দীর্ঘদিন ধরে ব্রতচারী আন্দোলনের সঙ্গে যুক্ত মদনমোহন মান্না। তিনি জানিয়েছেন, তিনি ৬৬ বছর ধরে এই আন্দোলনের প্রচারে যুক্ত। শুধু দেশের বিভিন্ন প্রান্ত নয়, একাধিক দেশ ঘুরেছেন তিনি।

১৯৮০ সালে তিনি ব্রতচারী আন্দোলনে যোগ দিয়ে প্রথমবার দেশের বাইরে লন্ডনে পৌঁছান।

এরপর রোম, এবং ১৯৮৪ সালে মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্যাঙ্কক সহ বিভিন্ন দেশে ব্রতচারী প্রচারের উদ্দেশ্যে অংশ নিয়েছিলেন।

সেই ধারাবাহিকতা আজও ৮৬ বছর বয়সে এসেও থেমে যায়নি। একই ভাবে বজায় রেখেছেন তাঁর গতি এবং উৎসাহ।

এ প্রসঙ্গে মদনমোহন মান্না বলেন, তিনি সেকাল থেকে একাল একইভাবে চালিয়ে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এভাবেই আন্দোলন ও শিবিরে যোগ দিয়ে যেতে চান।