৩ কোটি ৯০ লক্ষ টাকার ব্যাঙ্ক জালিয়াতি! ভুয়ো নথি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে শ্রীঘরে হাওড়ার তিন ব্যক্তি

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে জাল নথি জমা দিয়ে প্রায় ৩ কোটি ৯০ লক্ষ টাকার ঋণ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বিশেষ তদন্তকারী দল (DD-SIT)। ধৃতদের নাম মানস রায়, তাপস রায় এবং তন্ময় রায়। তাঁরা সকলেই হাওড়ার বাসিন্দা এবং একটি বেসরকারি সংস্থার পরিচালক ও গ্যারান্টার হিসেবে যুক্ত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা অত্যন্ত পরিকল্পিতভাবে এই প্রতারণা চক্রটি চালিয়ে আসছিলেন। হাওড়া পুরসভার একটি বিল্ডিংয়ের ভুয়ো স্যাংশনড প্ল্যান তৈরি করে সেটিকে আসল নথি হিসেবে ব্যাঙ্কে জমা দিয়েছিলেন তাঁরা। সেই নথির সত্যতা যাচাই না করেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ প্রায় ৩ কোটি ৯০ লক্ষ টাকার ক্যাশ ক্রেডিট মঞ্জুর করে। ঋণ পাওয়ার পর অভিযুক্তরা নিয়মিত কিস্তি (EMI) পরিশোধ করা বন্ধ করে দেন। পরবর্তীতে তদন্তে জানা যায়, ঋণের সেই বিশাল অঙ্কের টাকা বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে ঘুরিয়ে অন্য জায়গায় সরিয়ে আত্মসাৎ করা হয়েছে।

ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের ডিডি-এসআইটি দল মঙ্গলবার গভীর রাতে হাওড়ায় অভিযান চালায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ ও তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৫৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানে ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার আধিকারিকরাও বিশেষ সহায়তা করেছেন।

কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (গোয়েন্দা) কুণাল আগারওয়াল জানিয়েছেন, গোটা বিষয়টির ওপর পুলিশের কড়া নজর রয়েছে। ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। তদন্তকারীদের মূল লক্ষ্য এখন এই জালিয়াতি চক্রের নেপথ্যে আর কারা রয়েছে এবং সেই বিপুল পরিমাণ অর্থ ঠিক কোথায় কোথায় পাচার করা হয়েছে, তা খুঁজে বের করা। এই ঘটনায় আরও গ্রেফতারির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।