২৫ বছরের দাম্পত্যের বিচ্ছেদ, তবুও ন্যাশনাল টিভিতে কান্নায় ভেঙে পড়লেন সোহেল!

১৯৯৮ সালে ঘর পালিয়ে বিয়ে করে বিনোদন জগতে সাড়া ফেলে দিয়েছিলেন সোহেল খান ও সীমা সজদেহ। ২৫ বছরের দাম্পত্যের পর ২০২২ সালে আইনি বিচ্ছেদ হলেও, এবার প্রাইম ভিডিওর রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’-এর মঞ্চে ফের মুখোমুখি এই প্রাক্তন দম্পতি। শো-তে সীমাকে সারপ্রাইজ এন্ট্রি নিতে দেখে সোহেলের প্রতিক্রিয়া এখন ইন্টারনেট জুড়ে আলোচনার তুঙ্গে।

অনুষ্ঠানের হোস্ট কুণাল খেমু যখন সীমাকে পরিচয় করিয়ে দেন, তখন সোহেল খান অত্যন্ত পরিণতভাবে নিজের অতীত নিয়ে কথা বলেন। আবেগঘন সোহেল জাতীয় টেলিভিশনে বলেন, “এই সুন্দর মহিলার সঙ্গে আমি জীবনের ২৫টি বছর কাটিয়েছি। আমাদের এই দীর্ঘ সম্পর্কে যা কিছু ভুল হয়েছিল, সেই সব ভুলের সম্পূর্ণ দায়ভার আমি নিজের কাঁধে নিচ্ছি।” সোহেলের এই পরিপক্ক আচরণে মঞ্চে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে যান এবং সীমার চোখেমুখেও তখন বিস্ময় ও নীরবতা ছিল স্পষ্ট।

যদিও দর্শক ও প্রতিযোগীদের কাছে এটি বড় চমক মনে হলেও, সীমা জানিয়েছেন বিষয়টি আগে থেকেই তাদের জানা ছিল। তাঁদের ছোট ছেলে যোহানের আবদার ও জেদেই তারা এই শো-তে একসঙ্গে অংশ নিতে রাজি হয়েছেন। শো শুরুর আগে সীমা অবশ্য মজা করে জানিয়েছিলেন যে, আগের ভুলগুলো ভুলে তারা নতুন করে বন্ধুত্বের পথে হাঁটবেন। ডিভোর্সের পরেও দুই ছেলের কো-প্যারেন্টিং করছেন সোহেল-সীমা। এখন এই রিয়েলিটি শো-র মঞ্চে অতীতের গ্লানি ভুলে তাদের নতুন কোনো সমীকরণ তৈরি হয় কি না, তা নিয়ে মুখিয়ে রয়েছে গোটা দেশ।