‘১৪০ কোটি ভারতবাসীর ভবিষ্যৎ অন্যের হাতে ছাড়তে পারি না’, ট্রাম্পের ভিসা নীতির মুখে কড়া বার্তা মোদীর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা নীতি এবং শুল্ক সংক্রান্ত সিদ্ধান্তের পর শনিবার গুজরাটের ভাবনগরে একটি জনসভায় প্রচ্ছন্ন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতের “প্রকৃত শত্রু” হলো অন্য দেশগুলির উপর নির্ভরশীলতা। দেশের সম্মান ও শক্তি বাড়াতে হলে একমাত্র আত্মনির্ভরতাই পারে ভারতকে অন্যদের দ্বারা তুচ্ছতাচ্ছিল্য করার জবাব দিতে।

মোদী বলেন, “বিশ্বে আমাদের কোনো বড় শত্রু নেই। কিন্তু আমাদের প্রকৃত শত্রু হল, আমরা অন্য দেশগুলির উপর নির্ভর করে থাকি।” তিনি মনে করেন, এই শত্রুতা দূর করার একমাত্র উপায় হলো আত্মনির্ভর হওয়া। প্রধানমন্ত্রী ‘বিশ্ববন্ধু’ আদর্শে এগিয়ে চলার কথা বলেন এবং জোর দেন যে, ১৪০ কোটি ভারতবাসীর ভবিষ্যৎ অন্যের হাতে ছেড়ে দেওয়া যায় না। তাঁর মতে, শত সমস্যার একটাই সমাধান, তা হলো দেশকে নিজের পায়ে দাঁড় করানো।

ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে, এইচ-১বি ভিসার জন্য ১ লক্ষ ডলার মাশুল গুনতে হবে। এই ভিসা ৭১ শতাংশ প্রবাসী ভারতীয়র কাছে রয়েছে, ফলে এটি ভারতীয়দের জন্য একটি বড় ধাক্কা। একইসঙ্গে, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে। এই সব ঘটনাপ্রবাহের মধ্যে মোদীর এই বক্তব্য আমেরিকার উপর ভারতের নির্ভরতা নিয়ে দেশের উদ্বেগকে স্পষ্ট করে তুলেছে।

‘সমুদ্র সে সমৃদ্ধি’ নামের একটি প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে মোদী ৩৪,২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন। একইসঙ্গে তিনি কংগ্রেসকে আক্রমণ করে বলেন যে, এই দল দেশীয় জাহাজ শিল্পকে পঙ্গু করে দিয়ে বিদেশী জাহাজের উপর নির্ভরশীলতা তৈরি করেছিল। তিনি দাবি করেন, কংগ্রেসের আমলে ভারত বাণিজ্যে ৯০ শতাংশ পরনির্ভরশীল ছিল।