“১০ হাজার অনুমতি, ভিড় হয়েছিল ৯ গুণ!”-পদপিষ্টে মৃত্যুর পর আর্থিক সাহায্যের ঘোষণা বিজয়ের

তামিলনাড়ুর কারুরে তামিলাগা ভেত্তরি কাজ়হাগাম (TVK) দলের প্রতিষ্ঠাতা ‘থলপতি’ বিজয়ের জনসভায় পদপিষ্ট হওয়ার মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হয়েছে। এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। ঘটনার পর এক্স হ্যান্ডলে শোকপ্রকাশের পাশাপাশি এবার নিহতদের পরিবার এবং আহতদের জন্য বিশাল অঙ্কের আর্থিক সাহায্যের ঘোষণা করলেন অভিনেতা-রাজনীতিক বিজয়।

বিজয় এক্স হ্যান্ডলে একটি পোস্টে জানিয়েছেন, নিহতদের পরিবারকে ২০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। একই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।

ঠিক কী লিখেছেন বিজয়?
বিজয় তাঁর পোস্টে লেখেন, “এই ক্ষতি অপরিসীম। যে যাই বলুক, আপনজন হারানোর যে যন্ত্রণা, তা অসহনীয়। কিন্তু আমি আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে জানাচ্ছি, মৃতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা আর্থিক সাহায্য আমরা দেবো। আহতদের চিকিৎসার জন্যও দুই লক্ষ টাকা দেওয়া হবে। তবে যে ক্ষতি হয়েছে, তা কোনওদিন আর্থিক সাহায্য পূরণ হবে না। এই মুহূর্তে আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে পাশে দাঁড়ানো প্রয়োজন বলে মনে করছি।” এর আগে তিনি শোকপ্রকাশ করে লিখেছিলেন, “আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহ্য, অবর্ণনীয় যন্ত্রণা এবং দুঃখে কাতরাচ্ছি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

বিশৃঙ্খলার কারণ:
প্রশাসন সূত্রে খবর, বিজয়ের সভার জন্য দলের তরফে ১০ হাজার মানুষের জমায়েতের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সেই সভার ভিড় তার কমপক্ষে নয় গুণ বেশি ছিল। অভিনেতা-রাজনীতিকের সভায় বিপুল সংখ্যক মানুষের ভিড় হওয়ায় পুলিশ ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি। জানা গেছে, প্রায় ছয় ঘণ্টা দেরিতে সভায় পৌঁছন বিজয়। একটি বাসের ছাদে উঠে তিনি ভাষণ দিচ্ছিলেন। সেখানে ভিড়ের মধ্যে কয়েকজন অজ্ঞান হয়ে যাওয়ার খবর পেয়ে বিজয় জলের বোতল ছুড়তে শুরু করেন। অভিযোগ, সেই বোতল নেওয়ার জন্যই হুড়োহুড়ি পড়ে যায় এবং পদপিষ্টের ঘটনা ঘটে।