ওনামে মদের বন্যায় ভাসল কেরালা! মাত্র ৮ দিনেই ৭৭ কোটি টাকার রেকর্ড বিক্রি, অঙ্ক দেখলে চোখ কপালে উঠবে

উৎসবের আনন্দে মেতে উঠলে অনেক সময় সব হিসেব নিকেশ ছাপিয়ে যায় মানুষের উন্মাদনা। আর তার জ্বলন্ত প্রমাণ মিলল দক্ষিণ ভারতের রাজ্য কেরালায়। ওনাম (Onam) উৎসবের আনন্দে বুঁদ হয়ে থাকা কেরালায় এবার মদের বিক্রির সমস্ত পুরনো রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেছে। রাজ্য সরকারের প্রধান মদ বিতরণ সংস্থা ‘কেরালা স্টেট বেভারেজেস কর্পোরেশন’ (বেভকো)-এর দেওয়া সরকারি হিসাব অনুযায়ী, ওনাম উৎসবের প্রথম আট দিনেই (১৮ থেকে ২৫ আগস্ট, ২০২৬) রাজ্যজুড়ে মোট ৭৭১.২৯ কোটি টাকার মদ বিক্রি হয়েছে! গত বছর একই সময়ে যেখানে ৬৯৪.৯৬ কোটি টাকার বিক্রি হয়েছিল, সেখানে এবার এক লাফে প্রায় ৭৬ কোটি টাকার বেশি বিক্রি হয়েছে।

একদিনেই বিক্রি ১২৬ কোটি টাকার বেশি!

উৎসবের প্রধান দিন অর্থাৎ থিরুভোনামের আগের দিন, উথরাদামে মদের দোকানে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। ওই একদিনেই বেভকো আউটলেটগুলো থেকে মোট ১২৬.৩১ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। যদিও গত বছর উথরাদামে ১৩৭.৬৪ কোটি টাকার রেকর্ড বিক্রি হয়েছিল, তবুও উৎসবের সামগ্রিক গতিপ্রকৃতি দেখে আবগারি দপ্তরের আধিকারিকরা নিশ্চিত যে, বাকি দিনগুলি মিলিয়ে এ বছরের মোট বিক্রি গত বছরের ৮২৬.৩৮ কোটি টাকার রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

দোকানভিত্তিক বিক্রির পরিসংখ্যানে দেখা গেছে, উথরাদামে করুণাগাপ্পাল্লি আউটলেটটি সর্বোচ্চ ১.১৫ কোটি টাকার টার্নওভার করে তাক লাগিয়ে দিয়েছে। এছাড়া তিরুবনন্তপুরম, কাসারগড় এবং আলাপ্পুঝার বিভিন্ন আউটলেটেও ৯০ লক্ষ থেকে ১ কোটির ওপরে বিক্রি রেকর্ড হয়েছে। বেভকো মূলত রাজ্যে আইএমএফএল (IMFL), বিয়ার, ওয়াইন এবং বিদেশি মদ সরবরাহ করে থাকে। উৎসবের শেষ দুই দিনে এই বিক্রির বহর আরও কতটা বাড়ে, এখন সেটাই দেখার।