১০ নম্বর জাতীয় সড়কে ধস, জেনেনিন কোন পথে যাবেন সিকিম-ডুয়ার্স?

লাগাতার বৃষ্টির জেরে ফের ভয়াবহ সংকটের মুখে পাহাড়ের প্রধান লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক। বাঘপুল সংলগ্ন কালীমন্দির ও করোনেশন সেতুর মাঝে বৃহস্পতিবার ভোরে পাহাড় থেকে হুড়মুড়িয়ে নেমে আসা বিশাল পরিমাণ মাটি ও পাথরের জেরে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলিগুড়ির সাথে কালিম্পং ও সিকিমের যোগাযোগ। এই পরিস্থিতির মোকাবিলায় কালিম্পং ও দার্জিলিং পুলিশ প্রশাসন যৌথভাবে যান চলাচলের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ জারি করেছে।

কী কী বিধিনিষেধ জারি করল প্রশাসন?

যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে শুক্রবার থেকে বেশ কিছু নতুন রুট ও বিধিনিষেধ কার্যকর করা হয়েছে:

  • পরিবর্তিত পথ: কালিম্পং ও সিকিম থেকে শিলিগুড়িগামী সমস্ত ছোট ও বড় গাড়িকে করোনেশন ব্রিজ থেকে ঘুরিয়ে গজলডোবার রাস্তা দিয়ে পাঠানো হচ্ছে।

  • বিকল্প রুটের পরামর্শ: করোনেশন ব্রিজে যানজট এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সিকিম বা কালিম্পং থেকে রংপো হয়ে শিলিগুড়ির দিকে আসা গাড়িগুলিকে মনসং—লাভা—গরুবাথান—ওদলাবাড়ি—গজলডোবা রুট ব্যবহার করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

সতর্কবার্তায় প্রশাসন

প্রশাসন জানিয়েছে, ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন অংশে নতুন করে ধস নামার আশঙ্কা প্রবল। ধস কবলিত এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চললেও পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ। পুলিশ ও প্রশাসন যৌথভাবে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

আগামীকাল যারা এই রুটে যাতায়াতের পরিকল্পনা করছেন, তাদের নতুন রুট পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে যাত্রা করার অনুরোধ জানানো হয়েছে। পাহাড়ের এই সংকটময় মুহূর্তে যাত্রীদের ঝুঁকি না নেওয়ার আবেদন জানিয়েছে প্রশাসন।