১০২ দিন পরেও চূড়ান্ত রিপোর্ট নেই! কেন? তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট

এয়ার ইন্ডিয়ার মারাত্মক বিমান দুর্ঘটনা মামলাটি এবার সুপ্রিম কোর্টে উঠেছে। সেফটি ম্যাটারস নামে একটি সংস্থা এ বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছে। এই মামলার শুনানিতে বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ একটি গুরুতর অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

‘দুর্ভাগ্যজনক এবং দায়িত্বজ্ঞানহীন’ অভিযোগ
কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, দুর্ঘটনাটির জন্য পাইলটরা ইচ্ছাকৃতভাবে বিমানের জ্বালানি বন্ধ করে দিয়েছেন। বিচারপতি সূর্যকান্ত এই ধরনের অভিযোগকে ‘খুবই দুর্ভাগ্যজনক এবং দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন। তিনি উল্লেখ করেন যে, বিমানের যান্ত্রিক ত্রুটির কারণেও ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে।

সংস্থার আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে অভিযোগ করে বলেন, দুর্ঘটনার ১০২ দিন পেরিয়ে গেলেও এখনও কোনো চূড়ান্ত তদন্ত রিপোর্ট জমা পড়েনি। তিনি আরও জানান, যে ৫ সদস্যের দল তদন্ত করছে, তাদের মধ্যে তিনজন হলেন ডিজিসিএ (DGCA)-এর কর্মকর্তা। যেহেতু দুর্ঘটনার জন্য ডিজিসিএ-এর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, তাই তাদের কর্মীরা কীভাবে নিরপেক্ষ তদন্ত করবেন, তা নিয়ে সংশয় রয়েছে।

সংস্থাটি ফ্লাইট ডেটা রেকর্ডারের তথ্য প্রকাশ এবং একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। যদিও আদালত তদন্ত শেষ হওয়ার আগে সমস্ত তথ্য প্রকাশ্যে আনার পক্ষে রায় দেয়নি, তবে সমস্ত পক্ষের কাছে নোটিশ ইস্যু করা হয়েছে।