বিমান দুর্ঘটনায় পাইলটকে দোষারোপ? সুপ্রিম কোর্ট ক্ষুব্ধ, কেন্দ্র ও DGCA-এর কাছে চাইল রিপোর্ট

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় পাইলটদের দোষারোপ করাকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ঘটনায় আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানিতে সোমবার কেন্দ্র ও ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)-এর কাছে রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত।
প্রাথমিক তদন্ত রিপোর্টে পাইলটদের কথোপকথন সামনে আসার পর তাদের দিকে যে দায় ঠেলে দেওয়া হচ্ছিল, সে বিষয়ে সুপ্রিম কোর্ট কড়া মন্তব্য করে। আদালত জানায়, “যদি কেউ আগামিকাল বলে যে পাইলট এ বা বি-এর দোষে দুর্ঘটনা হয়েছে, তাহলে তার পরিবারকে ভুগতে হবে। যদি পরে চূড়ান্ত রিপোর্টে দেখা যায় যে কারও দোষ ছিল না, তখন কী হবে? দুঃখজনকভাবে, যখন এই ধরনের বিপর্যয় ঘটে, তখন প্রতিদ্বন্দ্বী বিমান সংস্থাগুলো এর সুবিধা নিতে চায়।”
সুপ্রিম কোর্ট Aircraft Accident Investigation Bureau-এর কাছেও জবাব চেয়েছে, যারা গত জুলাই মাসে প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছিল। সেই রিপোর্টে ককপিটের শেষ কথোপকথন তুলে ধরা হয়েছিল, যেখানে এক পাইলটকে ‘ফুয়েল কাট’ নিয়ে প্রশ্ন করতে শোনা যায়, যা থেকে পাইলটের ভুলের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জল্পনা তৈরি হয়।
গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ১৭১ নম্বর বিমানটি টেক অফের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে। ওই দুর্ঘটনায় বিমানের ১২ জন ক্রু এবং ২২৯ জন যাত্রীসহ মোট ২৪১ জন নিহত হন। বিমানটি একটি মেডিকেল কলেজের ওপর আছড়ে পড়ায় আরও ১৯ জন শিক্ষার্থী প্রাণ হারান। এই ভয়াবহ দুর্ঘটনায় একমাত্র জীবিত ছিলেন বিশ্বাস কুমার নামে একজন যাত্রী।