নদিয়ায় ভয়ংকর ঘটনা! তুচ্ছ বিবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুনচেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

নদিয়ার কোতোয়ালি থানার ঝিটকিপোতা এলাকায় এক ভয়ংকর ঘটনা ঘটেছে। বাড়িতে ছাগল ঢুকে পড়ার মতো তুচ্ছ বিবাদের জেরে এক মহিলাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক।

জানা গেছে, প্রায় দেড় মাস আগে আহত আসিয়া শেখ (৪৫)-এর একটি ছাগল প্রতিবেশী সাজিদুল খানের বাড়িতে ঢুকে গাছপালা খেয়ে ফেলেছিল। এই নিয়ে তাদের মধ্যে তীব্র বিবাদ হয়, যদিও পরে সেটার মীমাংসাও হয়ে গিয়েছিল। কিন্তু সাজিদুল সেই রাগ মনে পুষে রেখেছিল।

সোমবার সকালে আসিয়া শেখ তার মুদি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় হঠাৎই পিছন থেকে এসে সাজিদুল খান ধারাল অস্ত্র দিয়ে তাকে কোপাতে শুরু করে। আশেপাশের মানুষজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যান। সেখান থেকে তাকে শক্তিনগর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

আক্রান্ত মহিলার ছেলে জানান, “রাস্তার ধারে মায়ের মুদি দোকান রয়েছে। কিছুদিন আগে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। আজ কোপ মারা হয়েছে।”

এই ঘটনার পর থেকেই সাজিদুল খান পলাতক। কোতোয়ালি থানার পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।